চার টেস্টে ৬০.৬৬ গড়ে ১৮২ রান এবং ১৩.৮৪ গড়ে ২৫ উইকেট। মাত্রই শেষ হওয়া ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজে স্টুয়ার্ট ব্রডের পরিসংখ্যান এটা। এক সিরিজে ষাটের ওপর ব্যাটিং-গড়ে কমপক্ষে ১০০ রান এবং পনেরোর নিচে বোলিং-গড়ে কমপক্ষে ২০ উইকেট পাওয়া মাত্র দ্বিতীয় খেলোয়াড় হলেন এই ইংলিশ অলরাউন্ডার। ব্রডের আগে শুধু পাকিস্তানি কিংবদন্তি ইমরান খানেরই ছিল কৃতিত্বটা। ১৯৮২-৮৩ মৌসুমে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজে খেলেছিল পাকিস্তান। ওই সিরিজে ৬১.৭৫ গড়ে ২৪৭ রান করার পাশাপাশি ১৩.৯৫ গড়ে ৪০ উইকেট পেয়েছিলেন ইমরান। তাঁর অলরাউন্ড পারফরম্যান্সেই পাকিস্তান ৩-০ ব্যবধানে সিরিজ জেতে। সিরিজে পাকিস্তানের অধিনায়কও ছিলেন ইমরানই। কমপক্ষে ১০ উইকেট ধরলে এই তালিকায় যোগ হবে আরও তিনজনের নাম। ইয়ান বোথাম, স্টিভ ওয়াহ ও ড্যানিয়েল ভেট্টোরি। এর মধ্যে ভেট্টোরি দুবার দেখিয়েছেন এই কৃতিত্ব।