অলরাউন্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডুলকারের শততম সেঞ্চুরির অপেক্ষায় ছিল ক্রিকেট-বিশ্ব। তিনি পারেননি, সেঞ্চুরি করলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সেঞ্চুরি করেই ঢুকে গেলেন ২০ জনের এক ছোট্ট তালিকায়। তালিকাটা একই টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট নেওয়া খেলোয়াড়দের। এই ২০ জন মোট ২৭ বার গড়েছেন এই কীর্তি। মুম্বাইয়ের আগে সর্বশেষ এই কীর্তির সাক্ষী পচেফস্ট্রুম, ২০০২ সালে। বাংলাদেশের বিপক্ষে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করার পাশাপাশি ইনিংসে ৫ উইকেটও নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক কালিস। একবার নয়, কীর্তিটা দুবার করে দেখিয়েছেন ক্যালিস। তবে এটিকে ডালভাত বানিয়ে ছেড়েছিলেন ইয়ান বোথাম। মোট পাঁচবার এই কীর্তি গড়েছেন ইংলিশ অলরাউন্ডার। ডাবল সেঞ্চুরির পিঠে ৫ উইকেট নেওয়ার কীর্তিও আছে দুজনের। পাকিস্তানের মুশতাক মোহাম্মদ যেটি করেছেন ১৯৭৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, আর ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।