অলরাউন্ডার স্বীকৃতি চান স্মিথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অঙ্গনে নতুন মুখই বলা যায় স্টিফেন স্মিথকে। এ বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক অস্ট্রেলিয়ার এই লেগ স্পিনারের। ওয়ানডে ক্রিকেটেও অভিষেক ফেব্রুয়ারিতেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর টেস্ট ক্রিকেটে অভিষেক গত মাসে পাকিস্তানের বিপক্ষে। এরই মধ্যে লেগ স্পিনার হিসেবে বেশ পরিচিতি পেয়ে গেছেন স্মিথ। তবে শুধু একজন বোলারের খেতাব নিয়েই পড়ে থাকতে চান না তিনি; অলরাউন্ডারের স্বীকৃতি চান স্টিফেন স্মিথ।সান হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ২১ বছর বয়সী স্মিথ বলেন,‘আমি কেবল স্পিন বোলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। দলে স্পিনার হিসেবে থাকা বেশ সম্মানের। কিন্তু এর বাইরেও আমি কিছু ভাবতে চাই।’ এরপর স্মিথ যোগ করেন, ‘আমি যেমন বোলিং অনুশীলন করি, একইভাবে ব্যাটিং অনুশীলনও করি। দুই দিকেই আমি সমান পরিশ্রম করি। আশা করছি, এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারব।’ইংল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে তিনটি উইকেট পেয়েছেন স্মিথ। তবে তাঁর উল্লেখযোগ্য পারফরম্যান্স, লিডসে দ্বিতীয় ম্যাচে ৭৭ রানের নজরকাড়া ইনিংস। স্মিথ বলেন, ‘আমি টেস্ট ক্রিকেটের স্বাদ পেয়ে গেছি। আমি এখন অনেক কিছু করতে চাই। অবশ্যই অ্যাশেজে খেলার লক্ষ্য আমার। সামনে ভারত সফরেও দলে থাকতে চাই আমি।’কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের সঙ্গে তুলনা করা হচ্ছে স্টিফেন স্মিথকে। তবে নিজে শেন ওয়ার্নের মতো হতে চান না জানিয়ে স্মিথ বলছেন, ‘আমিও সোনালি চুলের বোলার। কিন্তু শেন ওয়ার্ন আমার থেকে সম্পূর্ণ ভিন্ন বোলার—একই সঙ্গে আমি একজন ব্যাটসম্যান। আমি সত্যি ওয়ার্নের মতো হতে চাই না। আমি নিজের মতো করেই বড় হতে চাই।’ ক্রিকইনফো।