অলস রোচের হাতেই আগুন ঝরে
উচ্চতা তাঁর মাত্র ৫ ফুট ৮ ইঞ্চি। এই উচ্চতা নিয়েও নিয়মিত ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বল করে যাচ্ছেন। তাঁর গতির কাছে বেসামাল ব্যাটসম্যানরা। হল্যান্ডের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। নিয়েছেন ৬ উইকেট। পরের ম্যাচে আরও উজ্জ্বল। গতি দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ উৎসবকেই ম্লান করে দিয়েছেন। ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচের সেরা। এই চিতার নাম কেমার রোচ। ফাস্ট বোলিংয়ের আদিভূমি ওয়েস্ট ইন্ডিজের নতুন আবিষ্কার। উপমহাদেশের নিচু ও মন্থর উইকেটেও গতি ও বাউন্স দিয়ে নিয়মিতভাবে ঘায়েল করে যাচ্ছেন ব্যাটসম্যানদের। ফাস্ট বোলারদের এই বধ্যভূমিতে তিনি কীভাবে এই গতির ঝড় তুলছেন, সেটাই এখন সবার কাছে রহস্য!বলের ওপর নিয়ন্ত্রণ আনতে অনেক ফাস্ট বোলারই গতি কমিয়েছেন। কিন্তু রোচ করছেন উল্টোটা। গতিতেই তাঁর আনন্দ। এই বিশ্বকাপে ১৫৫ কিলোমিটার গতিতেও বল করেছেন।ম্যাচে গতি আর বাউন্স দিয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের পরাস্ত করলেও অনুশীলনে মোটেও একনিষ্ঠ নন এই বারবাডিয়ান। অনুশীলনে না যেতে পারলেই বাঁচেন। এমনকি অনুশীলনের দৌড়েও তাঁর উপস্থিতি সন্তোষজনক নয়। কিন্তু মাঠের পারফরম্যান্সে এর ছিটেফোঁটা চিহ্নও নেই। দলের স্প্রিন্টে হয়তো উসাইন বোল্ট নন, কিন্তু ব্যাটসম্যানদের বিপক্ষে নির্দয় হতে যতটা পরিশ্রম করা দরকার সেটি করেন।অনুশীলনে আরও বৈচিত্র্য আছে রোচের। কোনো সতীর্থ সাদা ফ্রেমের রোদচশমা পরলেই তা নিয়ে তাঁর রাজ্যের কৌতূহল। সাদা রঙের প্রতি যেন একটু বেশিই প্রীতি। নিজের হাতঘড়িটা সাদা বেল্টের, গানও শোনেন সাদা রঙের হেডফোনে।তবে বিশ্বকাপের সঙ্গে অন্য সময়ের যে যোজন যোজন পার্থক্য তা বোঝেন রোচ। তাই বিশ্বকাপের প্রতিটি ম্যাচের আগেই যেন বদলে যান এই গতিতারকা। নিজেকে ঝালিয়ে নিতে করেন কঠোর পরিশ্রম, ‘প্রতিটি ম্যাচ ও পরিস্থিতির জন্য আমাদের পরিকল্পনা করা আছে। আমি সেই অনুযায়ীই পরিশ্রম করছি। বিশ্বকাপে সেরাটাই ঢেলে দিচ্ছি।’উপমহাদেশের উইকেট নিয়ে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘এই উইকেটে বোলাররা গাধার খাটুনি খাটবে। আর ব্যাটসম্যানরা পায়ের ওপর পা তুলে মজা দেখবে।’ কপিলের এ বক্তব্যে মুচকি না হেসে পারছেন না রোচ, ‘মানছি, কন্ডিশন আমাদের বিপক্ষে। কিন্তু যারা কঠোর পরিশ্রম করছে তারা তো সফল হচ্ছেই।’ রোচের কথার প্রতিফলন যেন হয়েই আছেন লাসিথ মালিঙ্গা, শন টেইট, ডেল স্টেইন, শফিউলরা।রোচের আদর্শ ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা কোরি কলিমোর। তবে ফিদেল এডওয়ার্ডস ও চার্লি গ্রিফিথের খুবই ঘনিষ্ঠ তিনি। ‘ক্রিকেট নিয়ে আমি সব সময়ই তাঁদের সঙ্গে কথা বলি। কিন্তু আমার প্রেরণা কোরি কলিমোর, যাঁকে আমি মাঝেমধ্যে বাবা বলেই ডাকি। তিনিই আমার নায়ক। আমার জীবন ও ক্যারিয়ারে তাঁর বড় প্রভাব অনেক’—বলেছেন রোচ।আরেকজনকে সমীহ করেন রোচ—‘বড় ভাইয়ের’ মতো ডোয়াইন ব্রাভো। কেন বড় ভাইয়ের মতো দেখেন এর কোনো ব্যাখ্যা নেই। হতে পারে তাঁর ইয়র্কার দেওয়ার ক্ষমতা দেখে। ২২ বছর বয়সী রোচ সিনিয়র সতীর্থ ব্রাভোর কাছ থেকে নিশ্চিতই কিছু শিখেছেন। ওয়েবসাইট।