অলিভারের 'বাস্কেটবল ডায়েরি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিভার মার্সি
অলিভার মার্সি

সেন্ট গ্রেগরি স্কুল বাস্কেটবলের এক সূতিকাগার। আর ওই স্কুলের ছাত্র ছিলেন বলেই কিনা বাস্কেটবলের নেশাটা পেয়ে বসেছিল। মায়ের বকুনি আর বাবার লাঠির বাড়িও দমাতে পারেনি অলিভার মার্সিকে। বড় ভাইদের খেলা দেখতেন স্কুলে এসে। মনে মনে বলতেন, ‘আহা, আমিও যদি বাস্কেটবল খেলতে পারতাম!’ ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার অলিভার একদিন সাহস করে বলেই ফেললেন এক বড় ভাইকে, ‘আমাকে খেলতে নেবেন?’

পঞ্চম শ্রেণির ছোট্ট অলিভারের কাছে তখন বাস্কেটবল নতুন এক রোমাঞ্চ। স্কুল মাঠের ব্যাকবোর্ড আর উঁচু বাস্কেট যেন ঘুমের ঘোরেও ডাকত অলিভারকে! এ যেন বাস্কেটবল ডায়েরিজ সিনেমার জিম ক্যারল! হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডি’কাপ্রিওর অভিনীত জিম ক্যারল চরিত্রের সঙ্গে নিজেকে মেলাতে চাইতেন অলিভার। পরে মাদকের নেশায় হারিয়ে যাওয়া ক্যারলের সঙ্গে নয়, দুর্দান্ত বাস্কেটবল খেলোয়াড় ক্যারলের সঙ্গেই মেলাতে চাইতেন নিজেকে। লেখাপড়ার প্রতি আগ্রহ গেল কমে। সত্যি বলতে, অলিভারের দুনিয়াটাই তখন হয়ে উঠল বাস্কেটবলময়।

ক্রিকেট-ফুটবলের বাজারে হয়তো পেশাদার বাস্কেটবল খেলোয়াড়দের প্রাপ্তির খাতাটা বেশ ফাঁকা। তবুও বাস্কেটবলে নিজের সেরাটা দিয়ে টানা পাঁচ বছর খেলছেন প্রিমিয়ার লিগে। দ্য গ্রেগসের হয়ে খেলে অলিভার বাস্কেটবল থেকে যা আয় করেন, তার সবটাই তুলে দেন বাবার হাতে। জাতীয় দলের দরজাটা কড়া নাড়ছে অলিভারের সামনে। কিন্তু এর আগেই নৌবাহিনীতে চাকরি পেয়ে গেছেন। নেভাল পুলিশ পিএম ওয়ান হিসেবে ঢাকায় হাজী মোহাম্মদ মহসিন ঘাঁটিতে চাকরি করছেন। বাস্কেটবলই বদলে দিয়েছে অলিভারের পুরো পৃথিবী, ‘বাবা যখন চাকরি থেকে অবসর নিলেন আমার পড়ালেখাও বন্ধ হয়ে গিয়েছিল। সারাক্ষণ ভাবতাম বাবাকে কীভাবে সাহায্য করা যায়। জাতীয় দলের শোয়েব ভাই, মিথুন ভাই আমার খেলা দেখে নৌবাহিনী দলে ভর্তি হওয়ার সুযোগ করে দেন। এখন আমি নৌবাহিনীর চাকরি করছি। এত দ্রুত যে একটা সরকারি চাকরি পাব, তা স্বপ্নেও ভাবিনি।’

জাতীয় অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন অলিভার। খুবই ভালো করছেন নৌবাহিনী দলেও। গত এপ্রিলে নেপালে আন্তর্জাতিক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী। টানা আট ম্যাচ জিতে ইতিহাস গড়া দলের অন্যতম ভরসা ছিলেন এই অলিভার। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার আনন্দ অলিভারকে যেন এখনো আপ্লুত করে, ‘আমি তখন লিগে খেলছিলাম। নৌবাহিনী থেকে ফোন করে একজন আমাকে বললেন, তোমার পাসপোর্ট রেডি রেখো। নেপালে খেলতে যাবে তুমি। প্রথম দেশের বাইরে খেলতে যাওয়ার আনন্দে ওই রাতে ঘুমাতেই পারিনি।’

অলিভারের প্রশংসা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রাশেদুজ্জামান, ‘এখনকার তরুণদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় ও। লিগে আমাদের সঙ্গে খেলেছে। এখন নৌবাহিনী দলে খেলছে। নৌবাহিনীতে কেউ সহজে সুযোগ পায় না। ওর ভেতরে প্রতিভা আছে বলেই নৌবাহিনী ওকে নিয়েছে। সর্বশেষ জাতীয় ও আন্তবাহিনীতেও দুর্দান্ত খেলেছে অলিভার। আমাদের তুলনায় উচ্চতা একটু কম, কিন্তু বেশি বেশি খেলতে পারলে ও আরও ভালো করবে।’

স্কুলশিক্ষক অলিভারের বাবা জগদীশ রিচার্ড এখন অবসরে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সেবিকা মায়ের একমাত্র উপার্জনে যখন সংসারটা চলছিল না। এর মধ্যেই চাকরিটা পেয়ে যান অলিভার। মাঝে কিছুদিন অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে গিয়েছিল। তবে আবারও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করতে চান অলিভার, ‘ভাবছি এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব।’

নিয়মিত ঘরোয়া টুর্নামেন্ট নেই বলে অলিভারের একটা আফসোস আছে, ‘আগে প্রচুর লিগ হতো। এখন খেলা হয় না বললেই চলে। খেলা না হলে তো খেলোয়াড়ও বের হবে না।’ লক্ষ্মীবাজারে বন্ধুরা মিলে গ্রেগরিয়ান এসএস নামে একটি বাস্কেটবল দল গড়েছেন। বিভিন্ন সময়ে নিজেরাই পৃষ্ঠপোষকতা করে টুর্নামেন্ট আয়োজন করেন, চেষ্টা করেন ভালো খেলোয়াড় বাছাইয়ের।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পেশাদার বাস্কেটবল লিগ যুক্তরাষ্ট্রের এনবিএর দল গোল্ডেন ওয়ারিয়র্সের ভক্ত অলিভার। ভালো লাগে ওয়ার্ডেল স্টিভেন কারির খেলা, ‘ওর খেলা ভীষণ ভালো লাগে। এনবিএর খেলাগুলো দেখি আর ভাবি, এ দেশেও যদি এমন জনপ্রিয় হতো বাস্কেটবল!’

সমবয়সী ছেলেরা যখন সাকিব-তামিম হওয়ার স্বপ্নে বিভোর, অলিভার তখন বাস্কেটবলেই সেরা হতে চান। স্বপ্নবাজ অলিভারের দিনলিপিতে এখন শুধুই বাস্কেটবলের আঁকিবুঁকি।