অলিম্পিক আসছে বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্ক স্পিৎজকে ছাপিয়ে সর্বোচ্চ রেকর্ড গড়া (৩৯টি) সাঁতারু হয়েছেন, আছে এক অলিম্পিকে ৮টি সোনা জয়ের অতিমানবীয় কীর্তি। এখনো সাতটি বিশ্ব রেকর্ড তাঁর অধিকারে। তবে মাইকেল ফেল্প্স এসব রেকর্ড আর কীর্তিগুলোর সবই গড়েছেন ২০০৯ সালের মধ্যে। গত দুই বছরে পুলে ফেল্প্স-ঝড় আর তেমন দেখা গেল কই!আবার পুলে ফেল্প্স-ঝড় উঠবে। সেটা নাকি আগামী বছরই। এই ঝড়ের পূর্বাভাস দিয়েছেন ফেল্প্স নিজেই। ‘আমার জন্য আরেকটা বছর বাকি আছে’—২০১২ লন্ডন অলিম্পিকে আবার স্বরূপে ফেরার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের ২৬ বছর বয়সী সাঁতারু। ফেল্প্স ঠিকই বলেছেন। আরেকটা অলিম্পিক দুয়ারে দাঁড়িয়ে আর তিনি এর আগে সাঁতার ছেড়ে দেবেন; এটা হতেই পারে না। অলিম্পিক মানেই যে ফেল্পেসর অর্জনের ডালা কানায় কানায় পূর্ণ হওয়ার অপেক্ষা। ২০০৮ বেইজিং অলিম্পিক তাই বলে। এক অলিম্পিকে সর্বোচ্চ ৮টি সোনা জয়ের কীর্তি বেইজিংয়েই গড়েছেন। ২০০৪ এথেন্স অলিম্পিকে জিতেছেন ৬টি সোনা। সাংহাইতে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলতে এসে বলেছেন, ‘এক-দুই মাস আগে আমি বিষয়টি নিয়ে ভেবেছি। মনে হয়েছে, আমার জন্য এখনো একটি বছর আছে।’২০০৮ অলিম্পিকে পুল কাঁপানো ফেল্প্সকে এত দ্রুতই কেন অবসরের ভাবনা পেয়ে বসেছিল? ফেল্প্স স্বীকার করেছেন সম্প্রতি একটু ‘অলস’ই হয়ে পড়েছিলেন এবং সেজন্যই একগাদা খারাপ ফল হয়েছে। সাঁতার ভুলে গলফ নিয়েই যেন বেশি মেতে উঠেছিলেন। আলস্য ও গলফের কারণে অনুশীলনে ভাটা পড়েছিল। অলিম্পিকের পর গাঁজার পাইপ হাতে ক্যামেরাবন্দী হয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন। সব মিলিয়ে ফেল্প্স পুল থেকে হারিয়েই গিয়েছিলেন! ২০১০ সালে প্যান প্যাসিফিক সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫টি সোনা জিতেছেন, তবে ২০০ মিটার মিডলে আর ব্যাকস্ট্রোকে এত খারাপ করেছেন যে অবসরের কথাও ভেবেছিলেন।তবে আবার পুলে ফিরবেন এবং সেই ফেরাটা ভালোভাবেই হবে বলে বিশ্বাস ফেল্পেসর, ‘গত বছরটা খুব হতাশায় কেটেছে। আসলে গত কয়েকটা বছর আমি যেভাবে চেয়েছি, সেভাবে কাটেনি। তবে আবার আমি পুলে ভালো বোধ করছি। আবার প্রতিযোগিতায় নামতে উন্মুখ হয়ে আছি। নিজেকে অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। কী করব বা করা উচিত, গত বছর আমি তা ভেবে উঠতে পারিনি।’সত্যি কি স্বরূপে ফিরতে পারবেন ফেল্প্স? আজ সাংহাইতে শুরু বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপই সেটি কিছুটা বলবে। এএফপি।