অলিম্পিক আসলেই রাজকীয়!

রোম যখন পুড়ছিল নিরো নাকি তখন বাঁশি বাজাচ্ছিলেন। শুধু বাদ্যযন্ত্রেই প্রতিভা আটকে থাকেনি রোমান সম্রাট নিরোর। অলিম্পিকেও অংশ নিতেন তিনি! অতীত অলিম্পিকের ইতিহাস ঘেঁটে দেখা যাচ্ছে, ইতিহাসের সেরা অলিম্পিয়ানও তিনি। ৬৭ সালের অলিম্পিকে ঘোড়ার রথ চালিয়ে যত পদক পেয়েছিলেন, সেগুলো বয়ে নিতেই আরেকটি রথই লেগেছিল তাঁর! শোনা যায়, ‘মাত্র’ ২০০০টি পদক জিতেছিলেন নিরো! প্রতিদ্বন্দ্বীদের উপঢৌকন দিয়ে, চারটির বদলে ১০ ঘোড়ার রথ চালিয়েই এমন অবিশ্বাস্য সাফল্য পেয়েছিলেন তিনি।
তবে কোনো ইতিহাসবিদ এর পক্ষে-বিপক্ষে অকাট্য কোনো প্রমাণ তুলে ধরতে পারেননি। বর্তমানে এমন স্বেচ্ছাচারী আচরণ করাটাও অসম্ভব। তাই বলে রাজা কিংবা রাজপুত্র-রাজকন্যাদের অলিম্পিকে অংশগ্রহণ থেমে থাকেনি। আর এই যুগের ‘নীল রক্তের’ মানুষগুলো আধুনিক অলিম্পিকের মূলমন্ত্র ‘অংশগ্রহণই বড় কথা’য় বিশ্বাসী।
অবশ্য লিখস্টেনস্টেইনের রাজপুত্র কনস্ট্যানটিন ফন লিখস্টেনস্টেইন যদি নিরোর পথে হাঁটতেও চাইতেন তবে তাঁকে হয়তো দু-একটি দুর্গ বেচতে হতো। ১৯৪৮ শীতকালীন অলিম্পিকে স্কিয়িংয়ে ৯৯তম হয়েছিলেন তিনি। আট বছর পর তাঁর স্বজন ম্যাক্সিমিলিয়ান হোহেনলো-লাঙ্গেনবুর্গ অবশ্য আরেকটু ভালো করেছিলেন। একই ইভেন্টে ৫৪তম হয়েছিলেন এই রাজপুত্র।
সুইস কাউন্ট হারমেন আলেজান্দ্রে ডি পোরটালেস অবশ্য রাজবংশের মর্যাদা রক্ষা করেছেন। ১৯০০ প্যারিস অলিম্পিকে সেইলিংয়ে সোনা ও রুপা জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন স্ত্রী কাউন্টেস হেলেন।
রাজপরিবারের কারও সোনা জয়ের সর্বশেষ রেকর্ড প্রিন্স দ্বিতীয় কনস্ট্যানটিনের। ১৯৬০ সালে ড্রাগন ক্লাসে (নৌচালনার আরেকটি ইভেন্ট) সোনা জিতেছিলেন তিনি। পরের অলিম্পিকে আর সুযোগ পাননি, ১৯৬৪ সালে তো গ্রিসের রাজাই হয়ে গেলেন তিনি। প্রায় তিন দশক স্পেনে রাজত্ব চালানো হুয়ান কার্লোসও কিন্তু ১৯৭২ মিউনিখ অলিম্পিক ছিলেন প্রতিযোগী হিসেবে।
রাজপরিবার বললেই ব্রিটিশ রাজপরিবারের কথা মাথায় আসে সবার। অলিম্পিকে নাম লিখিয়েছেন তাঁরাও। ১৯৭৬ অলিম্পিকে যুক্তরাষ্ট্রের ইকোয়েস্ট্রিয়ান (ঘোড়ার খেলা) দলে খেলেছিলেন প্রিন্সেস অ্যান। তাঁর কন্যা জারা ফিলিপস মাকেও ছাড়িয়ে গেছেন, ২০১২ লন্ডন অলিম্পিকে ইভেন্টিংয়ে (ঘোড়ার খেলা) দলগত রুপা জিতেছেন তিনি।
অলিম্পিকের এত সব রাজকীয় প্রতিযোগীদের দলে যুক্ত হচ্ছেন ফয়সাল আল শালান। সৌদি রাজপরিবারের এই সদস্য রিওতে অংশ নিচ্ছেন ইকোয়েস্ট্রিয়ানে। এএফপি।