অলিম্পিক কর্নার
রাজনীতি ভুলেলন্ডন অলিম্পিকের সবচেয়ে বড় বাহবা প্রাপ্য জমাটবাঁধা বেশ কিছু বরফ গলানোর জন্য। জাতিগত বৈরিতাও ম্লান হয়ে গেছে অলিম্পিকে। গত মঙ্গলবারের যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মহিলা ফুটবল ম্যাচটাই বড় একটা উদাহরণ। এই দুই দেশের জাতিগত বৈরিতা শুরু একেবারে উত্তর কোরিয়ার জন্মলগ্ন থেকে। সমাজতান্ত্রিক উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল যুক্তরাষ্ট্র। সেই থেকেই চলছে চাপান-উতোর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তো উত্তর কোরিয়াকে অ্যাখ্যা দিয়েছিলেন ‘শয়তানের অক্ষশক্তি’র একটি হিসেবে। অলিম্পিকের এই ম্যাচের আগে উত্তেজনা ছিল তুঙ্গে, অথচ মাঠে ছিল না তার ছিটেফোঁটাও। মাঠের আগে দুই দল হোটেলে টেবিল টেনিস পর্যন্ত খেলেছে। মার্কিন দল বলছে খেলাকে তারা রাজনীতির সঙ্গে কখনোই এক করে দেখেনি। তবে উত্তর কোরিয়ার খেলোয়াড়েরা মাঠ ছেড়েছে নীরবে, সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেয়নি। তবে কি মুখে বন্ধুতার কথা বললেও মনে মনে মার্কিন বিদ্বেষ এখনো পুষে রেখেছে উত্তর কোরিয়ানরা? রয়টার্স। পতাকা নিয়ে বিতর্ক১৯৯৪ কমনওয়েলথ গেমসে আদিবাসী পতাকা নিয়ে জয় উদ্যাপন করে আলোচিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার ক্যাথি ফ্রিম্যান। লন্ডন অলিম্পিকে জয় পেলে আদিবাসীদের পতাকাখচিত টি-শার্ট পরবেন বলে ঠিক করেছিলেন অস্ট্রেলিয়ান বক্সার ডেমিয়েন হুপার। আদিবাসী মানুষের প্রতিনিধিত্ব করার জন্যই এমন ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার শেফ দ্য মিশন নিক গ্রিন বাদ সেধে বলছেন এমন কিছু করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। পরে অবশ্য হুপার ক্ষমাই চেয়েছিলেন। এর পরপরই হুপারের পক্ষে সরব হয়েছেন অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা, বলেছেন ন্যায্য কাজটাই করেছিলেন এই বক্সার। এক বিবৃতিতে তাঁরা বলছেন ক্ষমা চাওয়ার মতো কিছু করেনি হুপার। পুরো ব্যাপারটা একটা ‘আমলাতান্ত্রিক খ্যাপাটেপনা’ বলে কর্তৃপক্ষকে একহাতই নিয়েছেন। এএফপি। পিস্টোরিয়াসের স্বস্তিসবার মতো একজোড়া সক্ষম পা নেই তাঁর, হাঁটুর নিচ থেকে কার্বন ফাইবারের একজোড়া কৃত্রিম পা নিয়ে তাঁকে চলতে হয়। কিন্তু এই নকল পা নিয়েই ট্র্যাকে ঝড় তুলেছেন, অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন ৪০০ মিটার ব্যক্তিগত ও রিলে দৌড়ে। অস্কার পিস্টোরিয়াস কোন লেগে দৌড়াবেন, সেটা নিয়েও জল কম ঘোলা হয়নি। গত বছর দক্ষিণ কোরিয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপের সময় আইএএফের সভাপতি লামিন ডিয়াক বলেছিলেন পিস্টোরিয়াসকে প্রথম লেগেই দৌড়াতে হবে, সে ক্ষেত্রে রিলেতে পরের অ্যাথলেটের সঙ্গে তাঁর ঠোকাঠুকি হওয়ার সম্ভাবনা থাকে না। পরে অবশ্য নিজের মত বদলেছেন, বলছেন চাইলে যেকোনো লেগেই দৌড়াতে পারেন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট। এটা একান্তই দক্ষিণ আফ্রিকা দলের ব্যাপার বলে বলটা তাদের কোর্টেই ঠেলে দিয়েছেন আইএএফের সভাপতি। এএফপি।