অলিম্পিক কর্নার
কাঁদছে বিচারের বাণী!লন্ডন অলিম্পিক কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল বিচারকদেরই। বিচারকদের বিরুদ্ধে সর্বশেষ ‘ফিক্সিং’য়ের অভিযোগটা এসেছে বক্সিং রিং থেকে। অভিযোগ করেছেন ইরানের হেভিওয়েট আলী মাজাহেরি। শুধু তিনিই নন, সাবেক বক্সিং গ্রেট লেনক্স লুইসেরও আপত্তি আছে জাজদের কিছু সিদ্ধান্তে।কিউবার হোসে লারদুয়েত গোমেজের বিপক্ষে লড়াইয়ে ডিসকোয়ালিফাইড হওয়ার পর ক্ষুব্ধ মাজাহেরি বলেছেন, ‘এটা ইচ্ছাকৃত। ডিসকোয়ালিফাই করা না হলে আমি সহজেই ব্রোঞ্জ জিততাম। এর আগের লড়াইয়ে আমি খুবই ভালো করেছি। সবই আগে থেকে ঠিক করা।’ অ্যামেচার বক্সিং অ্যাসোসিয়েশনের দাবি, মাজাহেরিকে তিনবার সতর্ক করা হয়েছিল। একটা প্রতিযোগিতায় এক বক্সারকে সর্বোচ্চ তিনবারই সতর্ক করা হয়। আর তৃতীয়বার সতর্কবার্তা পাওয়া মানে স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে যাওয়া। তাতে অবশ্য অভিযোগের তির ভোঁতা হচ্ছে না। আজারবাইজানের আবদুল্লাহমিদভের কাছে হারার পর বিচারকদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন জাপানের সাতোসি সিমিজু, ‘এই ফলাফলে আমি হতভম্ব। সে তো অনেকবারই পড়ে গেল। বুঝতে পারছি না তাহলে আমি জিতলাম না কেন?’ রয়টার্স।নিরাপদ সড়কে...!ব্যস্ত শহর লন্ডনে সাইকেল চালনাকে কয়েক বছর ধরেই বেশ উৎসাহ দেওয়া হচ্ছে। পরিবেশবান্ধব, শহর যানজটমুক্ত রাখতেও সাহায্য করে সাইক্লিং। কিন্তু এবারের অলিম্পিক লন্ডনের সাইকেলচালকদের করল শোকাভিভূত। পরশু সন্ধ্যায় ইস্ট লন্ডনে অলিম্পিক ভিলেজের কাছে হ্যাকনিতে অলিম্পিক শাটল বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে এক সাইক্লিস্টের। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অলিম্পিকের সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েক হাজার সাংবাদিককে স্ট্রাটফোর্ডের অলিম্পিক পার্ক থেকে সেন্ট্রাল লন্ডনে আনা-নেওয়া করছে এসব শাটল বাস। নিরাপদ সড়কের দাবিতে অনেক প্রচারণাই চালানো হয় লন্ডনে। বিশেষ করে সাইক্লিস্টদের জন্য শহরটিতে সাম্প্রতিক বছরগুলোয় বাড়তি কদর তৈরি হয়েছে। সেই সেখানেই এমন দুর্ঘটনার সাক্ষী হলো অলিম্পিক! রয়টার্স।ধন্যবাদ চাভেজভেনেজুয়েলা ৪৪ বছরের খরা কাটিয়ে সোনা জিতল অলিম্পিকে। বন্ধ্যাত্ব ঘোচালেন ফেন্সার রুবেন লিমার্ডো। ফেন্সিংয়েও দেশটির প্রথম পদক এটি, প্রথম পদক এবারের অলিম্পিকেরই। এমন সাফল্যে ভেনেজুয়েলায় রুবেন-বন্দনা তো চলছেই, সোনাজয়ী অলিম্পিয়ান নিজেও বন্দনাগীতি গাইছেন। তবে সেটি প্রেসিডেন্ট হুগো চাভেজের জন্য। সোনা জয়ের পর রুবেনকে অভিনন্দন জানিয়ে চাভেজ বলেছেন, ‘আমি খুব খুশি। তুমি এই দেশের ভাই, সন্তান। অসাধারণ সাফল্য তোমার। তুমি আমাদের গর্ব, কী আবেগময় দেশপ্রেম...।’ প্রেসিডেন্টের কাছ থেকে এমন স্তুতি শুনে আবেগাপ্লুত রুবেনও, ‘ধন্যবাদ আপনাকে। আমি আমার স্বপ্নপূরণ করেছি। এখন আমরা আরও অলিম্পিক পদক জয়ের চেষ্টা করব।’ রয়টার্স।