অলিম্পিক কর্নার
স্বপ্নদ্রষ্টাঅনুশীলনের জন্য ছিল না ভালো কোনো লেক। নদীতে অনুশীলনের সময় একেক দিন লড়াই করতে হয়েছে জলহস্তী আর কুমিরের সঙ্গে। আছে কষ্ট আর ত্যাগের আরও অনেক গল্প। তবে সোনা জয়ের হাসিতে কষ্টগুলো এখন ভুলে গেছেন সিজুই দলোভু। রোয়িংয়ের লাইটওয়েট কক্সলেস ফোরে ফেবারিট ব্রিটেনকে হারিয়ে সোনাজয়ী দক্ষিণ আফ্রিকা দলের সদস্য দলোভু। নিজের অর্জনের উচ্ছ্বাস আছে, ৩১ বছর বয়সী রোয়ার রোমাঞ্চিত আরেকটা কারণেও। বর্ণবাদের বিষবাষ্প সরে গেলেও দক্ষিণ আফ্রিকায় এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে কৃষ্ণাঙ্গরা। রোয়িংয়েই যেমন কৃষ্ণাঙ্গ রোয়ার আছেন বড়জোর শতকরা ২০ শতাংশ! দলোভুর বিশ্বাস, তাঁকে আদর্শ হিসেবে নিয়ে এখন কৃষ্ণাঙ্গরা অনেক বেশি অনুপ্রাণিত হবে রোয়িংয়ে আসতে। এএফপি। প্রেসিডেন্টও ছিলেন...দর্শক সারিতে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মনে মনে হয়তো ভাবছিলেন, প্রতিপক্ষকে এক পেঁচ কষে ধরাশায়ী করার সুযোগটা ফসকে গেল! বলতেই পারেন, কারণ তাঁর নিজেরই যে জুডোতে ব্ল্যাক বেল্ট আছে! তবে যার জন্য পুতিন ছিলেন দর্শক সারিতে, সেই তাগির খাইবুলিয়েভ হতাশ করেননি। অনূর্ধ্ব-১০০ কেজির জুডোতে মঙ্গোলিয়ার বর্তমান চ্যাম্পিয়ন তুভশিনবায়ার নাইদানকে হারিয়ে জিতেছেন সোনা। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার আগে রাশিয়া জুডোতে কখনো সোনা জেতেনি। খাইবুলেভ অবশ্য বেশি উচ্ছ্বসিত খোদ প্রেসিডেন্টের উপস্থিতিতে, ‘আমি জানতাম না তিনি এখানে ছিলেন। নিজের সেরা চেষ্টাটাই আমি করেছি। তাঁর কাছ থেকে ব্যক্তিগতভাবে অভিনন্দন পাওয়া ও করমর্দন করতে পারাটাও দারুণ কিছু।’ পুতিন তো বটেই, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ছিলেন দর্শক সারিতে। এএফপি।অবশেষে তিনিঅবশেষে মুখ খুললেন রহস্যময়ী সেই নারী। লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারত দলের সঙ্গে ঢুকে পড়েছিলেন অনাহূত। মার্চ পাস্টের সময় সবার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন তিনিই। পরে তো এই ‘অবৈধ অনুপ্রবেশ’ ঘিরে জল ঘোলা হয় অনেক। পরিচয়টা আগেই জানা গিয়েছিল, সেই ঘটনার ‘নায়িকা’ ২৭ বছর বয়সী মাধুরা নগেন্দ্রা বললেন, উত্তেজনার বশেই কাজটা তিনি করে ফেলেছিলেন। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্য-প্রবাসী বেঙ্গালুরুর এই নারী এই খ্যাপাটেপনার জন্য ক্ষমাও চেয়েছেন, ‘আমি বুঝতে পেরেছি যে অনেককে আহত করেছি, আমি এ জন্য অন্তর থেকে ক্ষমা চাইছি। আমি ভারতের একজন গর্বিত নারী। আশা করি, ক্ষমা করে দেওয়া হবে আমাকে।’ এএফপি।