অলিম্পিক কর্নার
নজরবন্দী মেয়েঅলিম্পিক ভিলেজটা অনেক অ্যাথলেটের কাছেই প্রেমের এক টুকরো নন্দনকানন। অনেকের প্রেমের ফুল ফোটে এখানেই, তবে অস্ট্রেলিয়ার হেইলি চ্যাপম্যানের ক্ষেত্রে তেমনটি ঘটার সম্ভাবনা একেবারেই কম। এই ২০ বছর বয়সী শ্যুটারের বাবা যে তাঁর ওপর কড়া নজর রাখবেন! ডেভিড চ্যাপম্যান অবশ্য হেইলির শুধু বাবাই নন, কোচ ও সতীর্থ শ্যুটারও বটে। অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে যাওয়া প্রথম বাবা-মেয়ে জুটিও তাঁরা। তবে হেইলি বলছেন বাবা থাকায় কোনো সমস্যা হবে না তাঁর, ‘তিনি আমার পাশের কক্ষেই আছেন, তবে আমি সেটা আসলে খেয়ালই করি না। বাবার সঙ্গে আমার সম্পর্কটা দারুণ।’ হেইলির ইভেন্ট ২৫ মিটার পিস্তল, আর ৪৭ বছর বয়সী বাবা ডেভিড অংশ নেবেন ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তলে। রয়টার্স।সেমেনিয়ার হাতে পতাকাবছর দুই আগেও ছেলে, না মেয়ে—অপ্রত্যাশিত এই বিতর্কে জড়িয়ে তাঁর ক্যারিয়ারটাই ঢাকা পড়েছিল সংশয়ের চাদরে। লন্ডন অলিম্পিকে সেই কেস্টার সেমেনিয়াই বহন করবেন দক্ষিণ আফ্রিকার পতাকা। অলিম্পিকে দেশের পতাকা বহন করা যেকোনো অ্যাথলেটের জন্যই গৌরব ও আনন্দের। ৮০০ মিটারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ২১ বছর বয়সী সেমেনিয়াকে পতাকা বহনের দায়িত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকান অলিম্পিক কমিটিই উল্টো ভীষণ উচ্ছ্বসিত। দেশটির অলিম্পিক কমিটির সভাপতি গিডেয়ন স্যামই বলছেন, ‘কেস্টার নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকার নারী-পুরুষনির্বিশেষে সব ক্রীড়াবিদের আদর্শ। দুর্যোগের মধ্যে থেকেও সে নিজেকে অনুপ্রেরণা হিসেবে প্রমাণ করেছে। আমরা নিশ্চিত, এতে অলিম্পিক দলের প্রত্যেকেই অনুপ্রাণিত হবে।’ এএফপি।নিরাপত্তার ঘেরাটোপে বোল্টরানিশ্চিতভাবেই লন্ডন অলিম্পিকে বোল্ট এবং তাঁর সতীর্থদের নিয়েই দর্শকদের কৌতূহলটা বেশি। ১০০ ও ২০০ মিটারে বিশ্ব ও অলিম্পিক রেকর্ডধারী বোল্ট এবং জ্যামাইকার তারকাখচিত ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটদের ঘিরে নিরাপত্তা তাই বাড়াবাড়ি রকমের বেশি। এক সপ্তাহে আগে ব্রিটেনে পাড়ি জমানো বোল্টরা অনুশীলন তাঁবু গেড়েছেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই অনুশীলন করছেন তাঁরা। ছবি তোলা তো নয়ই, উঁকিঝুঁকি মারা কিংবা তারকাদের সঙ্গে দৃষ্টি বিনিময় পর্যন্ত করতে পারছে না আগ্রহী সমর্থকেরা। ফলে বোল্ট, ১০০ মিটারের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইয়োহান ব্লেক, তিনবারের অলিম্পিক সোনাজয়ী ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউনদের অনুশীলন দেখতে আসা দর্শকদের হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পেছনের দরজা দিয়ে। এএফপি।