অলিম্পিক কর্নার
বাবার জন্য অলিম্পিকে কোনো অ্যাথলেটই না পদক চান! তবে ভারতীয় বক্সার বিকাশ কৃষ্ণান যাদবের চাওয়াটা একটু আলাদা। লন্ডন অলিম্পিকে তিনি পদক জিততে চান বাবার জন্য। ব্যাপারটি তাঁর মুখেই শুনুন, ‘বাবা আমাকে বলেছে, “লন্ডন থেকে আমাকে একটা পদক এনে দাও, তোমার কাছে আর কখনো কিছু চাইব না।” আমি তাঁকে কথা দিয়েছি, লন্ডনে সেরা চেষ্টাটাই আমি করব।’ ২০ বছর বয়সী যাদব হরিয়ানার ছেলে। ভারতের সম্ভাবনাময় সব বক্সার উঠে আসছে হরিয়ানা থেকেই। গত বেইজিং অলিম্পিক বক্সিংয়ে ভারতকে যিনি একটি ব্রোঞ্জ এনে দিয়েছিলেন, সেই বিজেন্দর সিংও হরিয়ানার। কেন এত বক্সার উঠে আসছে রাজ্যটি থেকে? যাদবের উত্তর, ‘হরিয়ানার লোকেরা খুব পরিশ্রমী। সেখানে ধনী লোকের সংখ্যা কম। তাই অনেক লোক বক্সিং খেলাটার সঙ্গে জড়িয়ে আছে।’ বিজেন্দরের পর এবার কি বক্সিংয়ে ভারতকে পদক দেবেন যাদব? উত্তরটা সময়ের হাতে। তবে একটা বিষয় ভালোই জানেন যাদব, ‘বাবা আমাকে যা বলেছেন, চিরকাল সেটাই করে এসেছি আমি।’ ওয়েবসাইট।নিষিদ্ধ ঘুমের বড়িঘুমের বড়ি খেতে পারবেন না অস্ট্রেলিয়ার অলিম্পিক দলের খেলোয়াড়েরা। গত সোমবার অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটি (এওসি) ঘুমের বড়ি বাতিল করার আগে সাবেক অস্ট্রেলিয়ান সাঁতারু গ্র্যান্ট হ্যাকেট জানিয়েছিলেন, তিনি যখন পুলে নামতেন, ঘুমের ওষুধ খেতেন। তাঁর এই স্বীকারোক্তির পর দলীয় চিকিৎসকদের পরামর্শক্রমেই এওসি দিল এই নিষেধাজ্ঞা। এতে শরীর চাঙা রাখার জন্য খেলোয়াড়দের মধ্যে ক্যাফেইন নেওয়ার প্রবণতাও কমবে বলে আশা। তবে অস্ট্রেলিয়া অলিম্পিক কমিটির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন সে দেশের চ্যাম্পিয়ন শ্যুটার রাসেল মার্ক। ভালো পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের ভালো ঘুম দরকার—এ কথা জানিয়ে ১৯৯৬ অলিম্পিকের ডাবল ট্র্যাপে সোনাজয়ী রাসেল বলছেন, এওসির নতুন সিদ্ধান্ত দলের পদক জয়ে ফেলবে নেতিবাচক প্রভাব! এএফপি ও রয়টার্স।উত্তর কোরিয়ার ৫১বেইজিং অলিম্পিকে ২ সোনা, ১ রুপা এবং ৩টি ব্রোঞ্জ জিতেছিল উত্তর কোরিয়া। পদক তালিকার ৩৪-এ নাম লিখিয়েছিল ‘মুক্ত পৃথিবীর আলো’ থেকে নিজেদের আড়ালে রাখা উত্তর কোরিয়া। তবে এবার লন্ডন অলিম্পিকে আরও বেশি পদক পাওয়ার আশা করছে সমাজতান্ত্রিক দেশটি। কিন্তু বেইজিং অলিম্পিকে যেখানে উত্তর কোরিয়ার দলে ছিল ৬৩ প্রতিযোগী, এবার তা কমে হচ্ছে ৫১ জনের। মহিলা ফুটবল, ম্যারাথন, টেবিল টেনিস, জুডো, রেসলিং, ভারোত্তোলন, শ্যুটিং, আর্চারি, সিনক্রোনাইজড সাঁতার, মহিলা বক্সিং এবং পুরুষদের ডাইভিং—এই ১১টি খেলায় অংশ নেবেন উত্তর কোরিয়ার অ্যাথলেটরা। তবে ভারোত্তোলন, রেসলিং এবং মহিলা ফুটবলেই তাঁদের উজ্জ্বল সম্ভাবনা বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা। এএফপি।