অলিম্পিক কর্নার
পিতা বনাম পুত্র২৯ জুলাই অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছেন জন উরিআর্তে। এদিন অলিম্পিকে শুরু হবে ভলিবল। প্রথম দিনেই উরিআর্তের দল মুখোমুখি হবে তাঁর ছেলে নিকোলাসের দলের। অস্ট্রেলিয়ার আর্জেন্টাইন এই কোচের প্রথম ম্যাচটাই যে তাঁর নিজ দেশের সঙ্গে! ১৯৮৮ অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে ব্রোঞ্জ জেতা উরিআর্তে ভলিবল কোচ হিসেবে উঁচু দরের। দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়া নিয়ে এসেছে তাঁকে। নিকোলাসও তাঁর দলের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়া-আর্জেন্টিনার মুখোমুখি হওয়াটাকে উরিআর্তে বলছেন ভাগ্যনির্ধারিত এক উপহার, ‘এটা এক ধরনের উপহার। ভাবতেই পারিনি নিজের ছেলের সঙ্গে একই অলিম্পিকে থাকব, সেটিও ভিন্ন ভিন্ন দলের হয়ে।’ এএফপি।বিনয়ী বেকহামগ্রেট ব্রিটেন দলের হয়ে অলিম্পিক ফুটবলে অংশ নেওয়ার স্বপ্নটা ভেঙে গেছে। তবে ডেভিড বেকহামের সুযোগ আছে, স্টেডিয়ামে মশাল প্রজ্বালনের অনন্য সম্মান গায়ে মাখানোর। আলোচনা হচ্ছেও। অলিম্পিক মশাল জ্বালানো যেকোনো অ্যাথলেটেরই আজন্ম স্বপ্ন। কিন্তু বিনয়ী বেকহাম এটা চান না। ফুটবল দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই কি এটা বলছেন? অলিম্পিক দলে নেই বলে হতাশাটা সরাসরিই প্রকাশ করেছেন। তবে মশাল প্রজ্বালন সম্পর্কে বেকহাম যুক্তিটা দিয়েছেন যথার্থই, ‘আমি সব সময়ই বলেছি, স্টেডিয়ামে মশাল জ্বালানো বিশেষ কিছু। এটি একজন অলিম্পিয়ানেরই করা উচিত, যাঁরা আমাদের দেশের জন্য অবিশ্বাস্য কিছু করেছেন এবং সোনা জিতেছেন।’ রয়টার্স।বিছানা-বিভ্রাটঅলিম্পিক ভিলেজে থাকা প্রত্যেক অ্যাথলেটের জন্য দুর্দান্ত এক অভিজ্ঞতা। অলিম্পিক ভিলেজে থাকা মানে পুরো বিশ্বই একেবারে হাতের নাগালে চলে আসা। সারা বিশ্বের, ভিন্ন ভাষা আর সংস্কৃতির প্রতিনিধি হিসেবে অ্যাথলেটরা থাকেন সেখানে। অলিম্পিক ভিলেজ ‘সাম্যবাদে’রও উদাহরণ। এখানে অখ্যাত অ্যাথলেট আর বোল্ট-ফেল্প্সরা পাবেন সমান সুযোগ-সুবিধা। এ নিয়ে তারকাদের কোনো আক্ষেপ নেই। বরং তাঁরা রোমাঞ্চিত। তবে মাইকেল ফেল্প্স আর উসাইন বোল্ট, এই দুজনের জন্য এবার একটি দুঃসংবাদ আছে। ভিলেজে প্রতিটি কক্ষ সাজানো হয়েছে দুটি বিছানা দিয়ে। আকারে খুবই ছোট সেই বিছানাগুলোর দৈর্ঘ্য ৫ ফুট ৮ ইঞ্চি। বোল্টের উচ্চতা ৬ ফুট ৫, ফেল্পেসর ৬ ফুট ৪। ৬ ফুটের বেশি লম্বা অ্যাথলেটদের জন্য বিছানার দৈর্ঘ্য একটা দুশ্চিন্তার কারণে বটে। ওয়েবসাইট।