অলিম্পিক কর্নার
ব্লেড রানারের ক্ষোভকার্বন ফাইবারের একজোড়া কৃত্রিম পা নিয়ে এবার লন্ডন অলিম্পিকে দৌড়াবেন অস্কার পিস্টোরিয়াস। ফাইবারের কৃত্রিম পায়ে দৌড়ান বলে তাঁকে বলা হয় ‘ব্লেড রানার’। দুই পা-বিহীন অ্যাথলেট এই প্রথম দেখছে অলিম্পিক। পিস্টোরিয়াসের জন্য এটাই অনেক বড় গৌরবের। তবে এ জন্য দুর্জনদের কটু কথাও শুনতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রতিবন্ধী এই অ্যাথলেটকে। কেউ কেউ বলছে তিনি ‘অন্যায় সুবিধা’ পাচ্ছেন। পিস্টোরিয়াস এবার এসব নিন্দুকের একহাত নিলেন, ‘কিছু সাংবাদিক আছেন, যাঁরা ঠিকমতো খবরটা যাচাই করেননি, প্রফেসর বা ডাক্তার তকমা নিয়ে কেউ আবার নিজেদের নাম কামাতে চাইছেন। যাই হোক, তাঁদের নিয়ে কথা বলে শক্তিক্ষয় করতে চাই না। সামনেই তাদের জবাব দেব আমি।’ ৪০০ মিটার ব্যক্তিগত ও রিলেতে অংশ নিয়ে ইতিহাস গড়তে যাওয়া এই অ্যাথলেট অবশ্য আত্মপ্রসাদে গা ভাসাচ্ছেন না, প্রমাণ করতে চান অলিম্পিকে আসাটা কোনো ‘অঘটন’ ছিল না। এএফপি।মুয়াম্বাও থাকছেনফিরে এসেছেন মৃত্যুদুয়ার থেকে। মাঠে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অচেতন পড়েছিলেন ৭৮ মিনিট, সেখান থেকে জীবন ফিরে পেয়েছেন অনেকটা অলৌকিকভাবে। বোল্টন মিডফিল্ডার ফ্যাব্রিস মুয়াম্বা এখন রূপকথার নায়ক। কদিন আগে তাঁকে ডক্টরেট ডিগ্রি দিয়েছে বোল্টন ইউনিভার্সিটি। এবার সম্মানিত হতে যাচ্ছেন লন্ডন অলিম্পিকেও। আগামী শনিবার লন্ডনের মূল শহরে ঢোকার আগে অলিম্পিক মশালটা বইবেন মুয়াম্বা, এমনটাই জানিয়েছেন আয়োজকেরা। শৈশবেই কঙ্গো থেকে লন্ডনের উপকণ্ঠে ওয়ালথ্যাম ফরেস্ট এলাকায় এসে ওঠেন মুয়াম্বা। ছেলেবেলার সৌরভমাখা সেই ওয়ালথ্যামেই মশালটা বইবেন তিনি। রয়টার্স।নাদালের বদলে গ্যাসলকথা ছিল লন্ডন অলিম্পিকে স্পেনের পতাকা বইবেন রাফায়েল নাদাল। কিন্তু হাঁটুর চোটের শিকার নাদাল অলিম্পিক থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন। গত শুক্রবার স্পেনের অলিম্পিক ফেডারেশন (সিওই) জানিয়েছে, নাদালের বদলে পল গ্যাসলের হাতে থাকবে জাতীয় পতাকা। চার বছর আগে বেইজিং অলিম্পিকে রুপাজয়ী বাস্কেটবল দলের সদস্য ছিলেন গ্যাসল, এলএ লেকার্সের এই খেলোয়াড় এনবিএর বড় তারকাদেরই একজন। পতাকা বহনের দায়িত্বটা পেয়ে তাই দারুণ গর্বিত তিনি, ‘স্পেনের পতাকাবাহক হতে পেরে আমি ভীষণ খুশি, ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটা এটা। স্পোর্টস ফেডারেশন ও সিওইকে ধন্যবাদ।’ এক টুইটার বার্তায় নাদালও অভিনন্দন জানিয়েছেন গ্যাসলকে। রয়টার্স।