অলিম্পিক কর্নার
গির্জায় দুই দলঅলিম্পিক তো শুধু ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় মিলনমেলাই নয়, শান্তির সবচেয়ে বড় প্রতীকও। লন্ডন অলিম্পিকের আগে এবার জ্যামাইকা ও যুক্তরাষ্ট্রের অ্যাথলেটদের একাংশ এক হলেন বার্মিংহামের গির্জায়। নিজেদের ঝালিয়ে নিতে এই দুই দেশের অলিম্পিয়ানরা আছেন বার্মিংহামে, সেখানেই তাঁরা অংশ নেন এক প্রার্থনাসভায়। বার্মিংহাম ক্যাথলিক গির্জার প্রধান যাজক বার্নার্ড লংলি বিশ্বমানবতার শান্তিকামনা করেছেন, বলেছেন অলিম্পিক ও প্যারা-অলিম্পিক সর্বজনীন কল্যাণেরই জয়গান গায়। জ্যামাইকা অ্যাথলেটিকস দল এখন অনুশীলন করছে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে, আর যুক্তরাষ্ট্রের দল প্রস্তুতি নিচ্ছে আলেক্সান্ডার স্টেডিয়ামে। অলিম্পিকে সোনাজয়ী হার্ডলার ক্যারন ক্লেমেন্ত ছিলেন এ অনুষ্ঠানে, তবে জ্যামাইকার দুই তারকা বোল্ট ও ব্লেক এখানে ছিলেন না। এএফপি।রোমানিয়ার প্রত্যয়জিমন্যাস্টিকসে তারা অনেক দিন ধরেই এক পরাশক্তি। দৃষ্টিনন্দন এই খেলায় অনেক দিন ধরেই দর্শকদের মন মাতিয়ে আসছেন রোমানিয়ান জিমন্যাস্টরা। মাঝে কিছুদিন একটা ভাটা পড়েছিল সেই সাফল্যের ধারায়। তবে গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চারটি সোনা জিতে জানান দিয়েছে, এবারও রোমানিয়াকে হিসাবে রাখতে হবে। প্রমীলা দলের কোচ অক্টোভিয়ান বেলু বলছেন, এটা তাদের জন্য ছিল অলিম্পিকের দারুণ প্রস্তুতি। এখন নিজেদের সেরাটাই ঢেলে দেবেন তাঁরা লন্ডনে। সমস্যা হলো পাইপলাইনে জিমন্যাস্ট আছেন মাত্র ২৫০ জন, নির্বাচকদের জন্য যেটা মোটেই সুখকর কিছু নয়। প্রমীলা জিমন্যাস্টিকসে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো আছেন ছয়জন, অলিম্পিক দলের মূল ভরসাও তাঁরাই। এএফপি। সিরীয়দের মিশনরাজনৈতিক সহিংসতা আর গৃহযুদ্ধে সিরীয়দের জীবন এখন দুর্বিষহ। এর মধ্যেই লন্ডন অলিম্পিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন সিরিয়ার ১০ অ্যাথলেটের দল। ১৯৮০ মস্কো অলিম্পিকের পর এটাই সিরিয়ার সবচেয়ে বড় দল। তবে ১৯৯৬ অলিম্পিকে একটি মাত্র সোনা জেতা সিরীয়রা এবার কোনো চমকের স্বপ্ন দেখছেন না। তবে লন্ডন যাত্রার আগে সোনার চেয়েও বড় স্বপ্ন হলো, দেশের ভাবমূর্তি বদলে দেওয়া। ৪০০ মিটার হার্ডলার ২৩ বছর বয়সী গোফরান মোহাম্মদ যেমন বলছেন, ‘কৃত্রিম উপগ্রহের টেলিভিশন স্টেশনের মাধ্যমে যা দেখানো হচ্ছে, আমরা বিশ্বকে সেটির ভিন্ন ভাবমূর্তি দেখাতে চাই। লন্ডনে সিরিয়ার জাতীয় সংগীত বাজাতে শোনাটা হবে বিস্ময়কর।’ এএফপি।