অলিম্পিক কর্নার
হিজাবকে ‘না’নিজের দেশের মাত্র দুজন নারী প্রতিযোগী অলিম্পিকে প্রতিনিধিত্ব করছে, তাদেরই একজন সৌদি আরবের ওজদান শাহেরকানি। আরেকজন আমেরিকায় বেড়ে ওঠা অ্যাথলেট সারাহ আত্তার। এই মুহূর্তে অবশ্য শাহেরকানিই আলোচনায়, জুডোতে লড়তে যাচ্ছেন রক্ষণশীল দেশটির এই প্রমীলা প্রতিযোগী। খবর এটা নয়, বরং খেলার সময় হিজাব পরতে চাওয়াতেই গোল বেধেছে। আন্তর্জাতিক জুডো ফেডারেশনের সভাপতি মারিয়াস ভিজার সাফ জানিয়ে দিয়েছেন, জুডোর নিয়ম মেনেই খেলতে হবে তাঁকে। সোজা কথায়, হিজাব পরে অলিম্পিকে খেলতে পারবেন না। ৩ আগস্ট প্রথম লড়াইয়ে নামার কথা। হিজাব পরার অনুমতি না পাওয়ার পরও খেলবেন শাহেরকানি? এএফপি।উইলিয়াম-কেটের শিখা বরণ...অবগুণ্ঠনের মধ্যেই উন্মোচিত। তবে শেষ চমকের আগে অলিম্পিক শিখা এসেছিল বার্মিংহামে, যেখানে উপস্থিত ছিলেন প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। প্রায় ৬০ হাজার লোক এই উপলক্ষে হাজির হয়েছিল বিখ্যাত হাইড পার্কে, তুমুল হর্ষধ্বনির মধ্য দিয়ে তারা অলিম্পিক শিখাকে বরণ করে নেয়। এর আগে অবশ্য লন্ডনের দ্রষ্টব্য স্থানগুলোতে শিখাটি নিয়ে যাওয়া হয়। ক্রীড়া, চলচ্চিত্র, সংগীত বিভিন্ন অঙ্গনেরই তারকারা শিখাটির বাহক ছিলেন লন্ডনের বিভিন্ন জায়গায়। ছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুনও। ডাউনিং স্ট্রিটে শিখাবাহকদের বরণ করে নেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শিখাবাহকদের একজন ছিলেন ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন। প্রায় ৭০ দিন ধরে ৮০০০ মাইল পথ ঘুরে লন্ডনে প্রবেশ করল এই অলিম্পিক শিখা। এএফপি।জারার কোনো চাপ নেই!ইকুয়েস্ট্রিয়ানে তাঁর খেলা দেখতে দর্শকসারিতে থাকবেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মতো রথী-মহারথীরা। তাঁরা তো থাকবেনই, জারা ফিলিপস যে তাঁদের ঘরেরই লোক। রানি দ্বিতীয় এলিজাবেথের নাতনি তিনি, শরীরে তাই বইছে রাজরক্ত। রাজকুমারী অ্যানের মেয়ে জারা অবশ্য নিজের পারিবারিক মর্যাদার জন্যই মিডিয়ার আতশকাচের নিচে থাকেন সবসময়। সেটা নিয়ে অবশ্য খুব বেশি মাথাব্যথা নিয়ে তাঁর, নিজের স্বজনদের উপস্থিতিও চাপ হয়ে দাঁড়াবে না বলেই তিনি আত্মবিশ্বাসী, ‘অবশ্যই তাঁরা আমারই পরিবার, আর তাঁদের উপস্থিতি অনাহূত হবে কেন?’ মা ছিলেন অলিম্পিয়ান, আর বাবা তো একটি সোনাই জিতেছিলেন। বাবা-মায়ের সাফল্য তাঁর জন্য চাপের বদলে প্রেরণা হবে বলেই মনে করেন তিনি। এএফপি।ক্যানসারজয়ী ইমন্স২০০৪ এথেন্সে ৫০ মিটার রাইফেল প্রোনে সোনা জিতেছিলেন। অবিশ্বাস্যভাবে সেবার তো বটেই, পরেরবার বেইজিং অলিম্পিকেও ৫০ মিটার থ্রি-পজিশন রাইফেলের শেষ শটে সোনা মিস করেন ম্যাট ইমন্স। এরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের এই শ্যুটারের জীবন হয়ে পড়ে সংকটাপন্ন, ২০১০ সালে থাইরয়েডে ক্যানসার ধরা পড়ে তাঁর। তবে দমে যাননি, চিকিৎসা তো চালিয়ে যাচ্ছেনই, শ্যুটিংও ছাড়েননি। তাঁর স্ত্রী ক্যাটেরিনাও অলিম্পিক শ্যুটার, তবে তিনি খেলেন নিজের দেশ চেক প্রজাতন্ত্রের হয়ে। নিজের ও স্ত্রীর পদক জয়ের ব্যাপারে আশাবাদই ঝরেছে তাঁর কণ্ঠে, ‘আমি শুধু আশা করছি, লন্ডন থেকে ফেরার সময় আমরা যাতে বলতে পারি আমাদের সেরাটাই আমরা দিয়ে এসেছি। সেটা যদি কোনো পদক এনে দেয়, তাহলে তো দারুণ হয়।’ স্ত্রী ক্যাটেরিনাও বেইজিংয়ে সোনা জিতেছিলেন, সঙ্গে ছিল একটি রুপাও। তবে ‘শেষ মুহূর্তের ব্যর্থতা’কে ভুলে যেতে চান ইমন্স, নিজেকে এখন অনেক পরিণতও মনে করেন তিনি, ‘এখন আমার বয়স হয়েছে। আগের চেয়ে আমি এখন অনেক পরিণত।’ এএফপি।