অলিম্পিক কর্নার
তাঁরাও অলিম্পিকেযেখানে বেঁচে থাকাটাই একটা খবর, সেখানে খেলাধুলা রীতিমতো বিলাসিতা। তার পরও জীবন থেমে থাকে না, এত প্রতিবন্ধকতার মধ্যেও খেলা একঝলক স্বস্তির সুবাতাসই নিয়ে আসে। অলিম্পিকেও এবার থাকছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। মৃত্যুর বিভীষিকা পেছনে ফেলে দুজন ফিলিস্তিনি অ্যাথলেট অংশ নিচ্ছেন ট্র্যাক ও ফিল্ডে। পুরুষদের ৪০০ মিটারে বাহা আল ফারা আর মেয়েদের ৮০০ মিটারে ওরুদ সাওয়ালহা। তাঁদের কোচ মাজেদ আবুমারাহিল বলছেন, প্রস্তুতি নেওয়াটাই ছিল কঠিন। অনুশীলনের জন্য যেতে হয়েছে ফিলিস্তিন সীমানার বাইরে। আর চারদিকের সহিংসতা হানাহানির রক্তচক্ষু তো ছিলই। আফগানিস্তানও তথৈবচ। দেশটির একমাত্র প্রমীলা দৌড়বিদ তাহমিনা কোহিস্তানি তাই পদক জয় নয়, বরং অলিম্পিকে অংশ নিয়ে স্বদেশি নারীদের পথ দেখানোকেই ব্রত মানছেন। যেখানে প্রতিদিন একবার হলেও আত্মঘাতী হামলা হয়, সেখান থেকে এসে খেলতে পারাটাকেই বড় সৌভাগ্য মানছেন এই আফগান নারী। এএফপি।অন্তর্বাস পরীক্ষা নয়ইউরোতে ড্যানিশ ফুটবলার নিকোলাস বেন্ডনার গোল উদ্যাপনের সময় শর্টস খুলে দেখিয়ে ফেলেছিলেন স্পনসরের নামাঙ্কিত অন্তর্বাস। ফুটবলের ভাষায় এ ধরনের অন্যায় বাণিজ্যিক সুবিধা নেওয়াকে বলা হয় অ্যাম্বুশ মার্কেটিং। বেন্ডনারকে অবশ্য এ জন্য ৮০ হাজার ইউরো জরিমানাও করা হয়। লন্ডন অলিম্পিকে এমন ঘটনার পুনরাবৃত্তি হতেই পারে, তবে তার জন্য অ্যাথলেটদের অন্তর্বাস পরীক্ষা করে দেখা হবে না বলে জানিয়েছে আইওসি। তবে বেন্ডনার যেমন শাস্তি পেয়েছিলেন, লন্ডন অলিম্পিকেও কেউ এ কাজ করলে তাঁর কপালেও শাস্তি জুটবে। এএফপি।বঞ্চিত যুক্তরাষ্ট্রবিশ্বের কোটি মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। ড্যানি বয়েলের চমক নিয়ে ফেসবুক, টুইটারে ফুটছে কথার খই, কিন্তু আটলান্টিক পারের যুক্তরাষ্ট্র ছিল অদ্ভুতরকম নির্লিপ্ত। হওয়াটাই স্বাভাবিক। উদ্বোধনী অনুষ্ঠানটাই যে যুক্তরাষ্ট্রের কোথাও সরাসরি দেখানো হয়নি! এনবিসি ২.২ বিলিয়ন ডলার দিয়ে অলিম্পিক প্রচারের স্বত্ব কিনলেও উদ্বোধনী-সমাপনী অনুষ্ঠান তার মধ্যে নেই। পরে অবশ্য অনুষ্ঠানের ফুটেজ দেখিয়েছে, সরাসরি টুইটও করেছে। তবে দুধের স্বাদ কি আর ঘোলে মেটে? মার্কিনিরা তাই বেজায় খেপেছে। এক মার্কিনি টুইট করেছেন, ‘অনুষ্ঠানটা বিশ্বের বাকি সবাই দেখেছে। অথচ আমরা দেখেছি এটার চুম্বক অংশ।’ এএফপি।