অলিম্পিক কর্নার
অসিদের কিউই-খোঁচাএত দিন পরাক্রমশালী প্রতিবেশীর ছায়ায় ঢাকা পড়তে হয়েছে। শুধু রাগবিতেই ছড়ি ঘোরাতে পারত তারা। তবে লন্ডন অলিম্পিকে এখন পর্যন্ত নিউজিল্যান্ড টেক্কা দিয়েছে তাদের ট্রান্স-তাসমান প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে। তিনটি সোনা জিতে নিউজিল্যান্ড গত পরশু পর্যন্ত পদক তালিকার ১৪ নম্বরে, আর একটা মাত্র সোনা নিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া। এই অভাবনীয় সাফল্যের পর উল্লাস তো আছে, কিউই মিডিয়া দিচ্ছে কাটা ঘায়ে নুনের ছিটা। দেশটির একটি শীর্ষস্থানীয় ওয়েবসাইটের শিরোনাম, ‘দুর্দান্ত পদক অভিযান, আমরা অসিদের হারিয়ে দিচ্ছি।’ দ্য হেরাল্ড খোঁচাই দিয়েছে প্রতিবেশীদের, ‘অসিরা মনে করে সোনালি-সবুজের দেশ তারা, এখন তারা শুধু ঈর্ষায় সবুজ!’ শেষমেশ টেক্কা দিতে পারে কি না, সেটা এখনো বলা মুশকিল। তাই পত্রিকাগুলো এখনই উদ্যাপন করে নিতে বলছে কিউইদের! এএফপি।চীনের জন্য দ্বৈত নীতি!ক’দিন আগে ব্যাডমিন্টন-কেলেঙ্কারিতে চীনের শীর্ষ দুই বাছাই খেলোয়াড় নিষিদ্ধই হয়েছেন। যোগ হয়েছে ইয়ে শিউয়েনের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ আর সাইক্লিংয়ে আইনভঙ্গের জন্য সোনা কেড়ে নেওয়ার ঘটনা। এসব নিয়েই খেপেছে চীনের শীর্ষস্থানীয় দৈনিক পিপলস ডেইলি, বলছে—এসব সিদ্ধান্ত অলিম্পিক কমিটির দ্বৈত নীতিকেই তুলে ধরছে। চীনা প্রতিযোগীর পান থেকে চুন খসলেই শুরু হয় সমালোচনার ঝড়, অথচ ব্রিটেনের সোনাজয়ী সাইক্লিস্ট ফিলিপ হিনডেস উদ্দেশ্যপ্রণোদিত ভুল করেও পার পেয়ে যান। অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যাপারে দ্বিমত নেই দৈনিকটির। তবে তা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত বলেই তাদের মত। রয়টার্স।অর্থই ব্যর্থতার মূলে১৯৮৮ অলিম্পিকের পর এমন হতশ্রী আর কখনো হয়নি তাদের। নয় দিন কেটে গেছে লন্ডন অলিম্পিকের, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র একটা সোনা। ব্যর্থতার জন্য সরকারের মুণ্ডপাত করছেন অলিম্পিক কমিটিতে অস্ট্রেলিয়ার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সদস্য কিভান গসপার। ইউরোপের দেশগুলোর তুলনায় খেলাধুলায় অস্ট্রেলিয়া সরকারের আর্থিক পৃষ্ঠপোষকতা নাকি নগণ্য। ২০১২ অলিম্পিকের হাইপারফরম্যান্স কর্মসূচির বাজেট ছিল ৫ কোটি ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার, যেটা নাকি অস্ট্রেলিয়ান অলিম্পিক কমিটির দাবি করা অর্থের অর্ধেক। এই অপ্রতুল বরাদ্দই বাকিদের চেয়ে অস্ট্রেলিয়াকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করেন গসপার। এএফপি।