অলিম্পিক কর্নার
ইটনিয়ানের উচ্চাশা শরীরে বইছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের রক্ত। পড়েছেন ইংল্যান্ডের অভিজাত কলেজ ইটনে, যথেষ্ট প্রতিভাবানও মনে করা হচ্ছে লরেন্স ক্লার্ককে। এই ইটনেই পড়েছিলেন অস্কারজয়ী ছবি চ্যারিয়টস অব ফায়ার-এর অভিনেতা লর্ড ডেভিড বার্গলি। পরে অবশ্য লর্ড বার্গলি ১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিকে সোনা জেতেন, তা-ও আবার ৪০০ মিটার হার্ডলসেই। লন্ডন অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসের পদকটা অল্পের জন্য ফসকে গেছে ক্লার্কের, চতুর্থ হয়েছেন তিনি। এ মুহূর্তে পূর্বসূরির সঙ্গে তুলনায় তাই কিছুটা বিব্রতই, তবে নিজেকে নিয়ে উচ্চাশার অভাব নেই তাঁর, ‘আমি বিশ্বাস করি, ২০১৬-তে আমি সোনা জিততে পারি। আমার বয়স এখন মাত্র ২২ আর অ্যারিস মেরিট (১১০ মিটারে জয়ী) ২৭, তাই আমি মনে করি, তখন আমার সঠিক বয়সই থাকবে।’ এএফপি। জুয়াড়িমুক্ত লন্ডনডোপিংয়ের কালিমা লন্ডন অলিম্পিকে খানিকটা আঁচড় কেটেছে বটে, তবে একটা দিক দিয়ে লন্ডন গর্বই করতে পারে। একটি দুর্নীতিবিরোধী পর্যবেক্ষক দল জানিয়েছে এখনো কোনো ম্যাচ পাতানোর ঘটনা ঘটেনি অলিম্পিকে। ক্রীড়াজগতের নিরাপত্তা বিধানের প্রতিষ্ঠান আইসিএসএসের চেয়ারম্যান জন স্টিভেন্স অবশ্য বলেছেন লন্ডনে না হলেও অনেক জায়গাতেই অলিম্পিক নিয়ে আকছার ম্যাচ গড়াপেটা চলে। আইসিএসএসের আরেকজন বিশেষজ্ঞ ক্রিস ইটনের মতে, এই খাতে প্রতিবছর এক লাখ কোটি ডলার লেনদেন হয়। আর দৈনিক লেনদেনের পরিমাণ নাকি ৩০০ কোটি ডলার! বেশির ভাগ অর্থের লেনদেন চলে দক্ষিণ-পূর্ব এশিয়াতেই। তবে সৌভাগ্যবশত লন্ডনে এবার জুয়াড়িদের আনাগোনা নেই বললেই চলে, তাই অলিম্পিককে ঘিরে এই বিতর্ক দানা বাঁধতে পারবে না বলেই আইসিএসএসের বিশ্বাস। রয়টার্স। আত্তারের ইতিহাসকালো ট্র্যাকস্যুট, সবুজ শার্ট, মাথায় সাদা হিজাব। পরশু মেয়েদের ৮০০ মিটারের হিটে সহজেই সবার চোখে পড়েছেন সারাহ আত্তার। শুধু পোশাকের কারণেই নয় দৌড়েও সবার নজর কেড়েছেন এই সৌদি নারী। বাকি সাতজনের চেয়ে অনেক পেছনে থেকে সমাপ্তিরেখা ছুঁয়েও ইতিহাস গড়েছেন। অলিম্পিকে অংশ নেওয়া সৌদি আরবের প্রথম নারী অ্যাথলেট যে তিনিই। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দ্বৈত নাগরিক আত্তার অংশ নিতে পেরেই অভিভূত, ‘এটা অবিশ্বাস্য এক অভিজ্ঞতা। সৌদি আরবের মেয়েদের প্রতিনিধিত্ব করাটা সর্বোচ্চ সম্মানের। এটা ঐতিহাসিক এক মুহূর্ত। আমি আশা করছি, সামনে এগিয়ে যেতে এটা বড় এক পদক্ষেপ বলে গণ্য হবে।’ গত সপ্তাহে প্রথম সৌদি নারী হিসেবে জুডোতে অংশ নিয়েছিলেন ওজদান শাহেরকানি। যদিও মাত্র ৮০ সেকেন্ডেই শেষ হয়ে যায় তাঁর অলিম্পিক অভিযান। রয়টার্স।