অলিম্পিক কর্নার
পিঠ চাপড়ে দিলেন ওবামা অবগুণ্ঠন সরিয়ে দিয়েছেন অনেক আগেই, অলিম্পিক এখন নারী প্রতিযোগীদের পদচারণে মুখর। অন্যান্য দেশ থেকে অনেক মহিলা ক্রীড়াবিদ অংশ নিলেও মুসলমান দেশগুলোয় হারটা ছিল অনেকটাই কম। সেই প্রতিবন্ধকতাও এখন কেটে যাচ্ছে, প্রথমবারের মতো সৌদি আরবের মতো দেশ থেকে দৌড়ে অংশ নিয়েছেন একজন মহিলা প্রতিযোগী। এই অংশগ্রহণকে উৎসাহিত করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রমজান মাসের জন্য অংশগ্রহণ আরও বেশি মহিমান্বিত হয়েছে বলেই মনে করেন তিনি। হোয়াইট হাউসে এক ইফতার অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘এখন সব দলেই মহিলা প্রতিযোগী থাকে, এমনকি মুসলিমপ্রধান দেশগুলোতেও। এটা খুবই উৎসাহব্যঞ্জক।’ এএফপি।ডোপপাপীদের সাফল্যডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে অনেকেরই অলিম্পিক-স্বপ্ন ভেঙে গেছে। বিপরীত চিত্রটাও আছে, ডোপ পাপের সাজা ভোগ করে এবার অলিম্পিকে ফিরেছেন রাজসিকভাবেই, জিতেছেন পদক। তুরস্কের কাকির আল্পতেকিন ২০০৪ সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। এবার মহিলাদের ১৫০০ মিটার দৌড়ে সোনাই জিতেছেন। রাশিয়ার তাতিয়ানা লিসেঙ্কোর কাহিনিও কাছাকাছি, নিষিদ্ধ হয়ে বেইজিং অলিম্পিক দেখতে হয়েছিল বাসাতে বসেই। লন্ডনে ঠিকই অলিম্পিক রেকর্ড করেই জিতলেন মহিলাদের হ্যামার থ্রোর সোনা। জাস্টিন গ্যাটলিনের কথাই বা ভুলে গেলে চলবে কেন, এককালে শাস্তি ভোগ করা গ্যাটলিন সর্বকালের সেরা ১০০ মিটার দৌড়ে ব্রোঞ্জজয়ী। তবে ইংল্যান্ডের লিসা ডোব্রিস্কির মতো কেউ কেউ মনে করছেন, ডোপপাপীদের এত সহজেই ফেরার সুযোগ করে দেওয়াটা ঠিক নয়। রয়টার্স। চীনকে টেক্কা দিল যুক্তরাষ্ট্রচীন-যুক্তরাষ্ট্রের মধ্যেই শ্রেষ্ঠত্বের লড়াই চলবে, এটা ছিল জানা কথা। ১৪তম দিনে এসে গত অলিম্পিকের সর্বোচ্চ সোনাজয়ী চীনকে পেছনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর পেরে উঠতে পারবে না চীন, ৪১টি সোনা (গতকাল পর্যন্ত) নিয়ে এখন মার্কিনরা সবার ওপরে। ৩৭টি সোনা নিয়ে পিছিয়ে পড়েছে চীন। স্বর্ণপ্রসূ অনেকগুলো দিনের পর ১৪তম দিনে এসে কোনো সোনা জেতেনি তারা। এদিনের সেরা সাফল্য বলতে ছিল সিঙ্ক্রোনাইজড সাঁতারে রুপা জয়। এই ইভেন্টে অনেক দিন ধরে রাশিয়া অবশ্য একরকম অপ্রতিদ্বন্দ্বী, এবারও তা-ই। চীনের ভরসা এখন পুরুষদের ১০ মিটার প্লাটফর্ম ডাইভিং, কিউ বো সোনা এনে দিতে পারেন কি না সেদিকেই তাকিয়ে থাকবে দেশটি। এএফপি।আর্জেন্টিনার প্রথম সোনাম্যারাডোনা-মেসির দেশ লন্ডন অলিম্পিকের ১৪তম দিনে এসে দেখল সোনার দিন। মহিলা হকিতে ফেবারিট হলেও তীরে এসে তরী ডুবে যায় তাদের, রুপা জিতেছে হল্যান্ডের কাছে হেরে। সবাই যখন ভেবেছিল সোনাটা অধরাই থেকে যাবে, তখনই চমকটা দেখালেন সেবাস্টিয়ান ক্রিসম্যানিক। পুরুষদের ৮০ কেজি তায়কোয়ান্দোতে সোনা জিতে ঘুচিয়েছেন সোনার হাহাকার। ফাইনালটাও হয়েছে ফাইনালের মতোই, লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ রাউন্ডের খেলা শেষের ২২ সেকেন্ড আগে একমাত্র পয়েন্টটা ছিনিয়ে নেন তিনি। সেই ১-০ ব্যবধানেই হারান স্পেনের নিকোলাস গার্সিয়াকে। এই দুজনের ফাইনালে ওঠাটাই অবশ্য বিস্ময়ের। ক্রিসম্যানিক এখন বিশ্বের সাত নম্বর খেলোয়াড়, আর গার্সিয়া আছেন পাঁচ নম্বরে। এএফপি।