অলিম্পিক কর্নার
পুরস্কার ‘টিকিট’মহিলাদের ফুটবলে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিকেও সোনার মিশনে দাঁড়িয়ে আছে নিঃশ্বাস ফেলার দূরত্বে। ফাইনালে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই সোনা জিতবে জাপান মহিলা ফুটবল দল। অথচ স্বদেশি পুরুষ ফুটবলারদের তুলনায় তারা একরকম বঞ্চিতই। লন্ডনে আসার পথে পুরুষ ফুটবলাররা যেখানে এসেছে বিমানের বিজনেস ক্লাসে, তাদের জুটেছিল প্রিমিয়াম ইকোনমি ক্লাস। এই বৈষম্যের প্রতিবাদও জানিয়েছে তারা। অবশেষে কপাল খুলেছে ফাইনালে ওঠার পর। এবার তারাও দেশে ফিরবে বিজনেস ক্লাসে। পদকপ্রাপ্তির জন্যই এই উত্তরণ, নিশ্চিত করেছেন দলের কোচ নোরিও সাসাকি। তবে একটা ‘কিন্তু’ এখনো রয়ে গেছে। বিজনেস ক্লাসের আসন ফাঁকা আছে কি না, সেটা নিশ্চিত নয়। ফাঁকা না থাকলে হয়তো আবারও ইকোনমি ক্লাসের যাত্রীই হতে হবে তাদের। এএফপি।কাব্যিক বিচার১০০ মিটার সিপ্রন্টের ঠিক আগে উসাইন বোল্টকে বোতল ছুড়ে লঙ্কাকাণ্ড ঘটিয়েছিলেন। অপরাধীর নামটা পরে জানা গেল—অ্যাশলে গিল ওয়েব। গত সোমবার তাঁকে হাজির করা হয় স্ট্র্যাটফোর্ডের আদালতে। শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন ৩৪ বছর বয়সী ব্রিটিশ, ৩ সেপ্টেম্বর শুরু তাঁর বিচার। এই ঘটনায় লন্ডন অলিম্পিক কমিটির প্রধান সেবাস্টিয়ান কো বেজায় খেপেছেন, ‘খেলার মাঠে বোতল ছুড়ে মারা কখনোই গ্রহণযোগ্য নয়, অলিম্পিক গেমসেও তা-ই।’ মজার ব্যাপার, ঘটনাটাকে ‘কাব্যিক বিচার’ বলছেন কো। কেন? অ্যাশলে যখন বোল্টকে বোতল ছুড়ছেন, তখন তাঁর পাশে থাকা ডাচ জুডোকা এডিথ বশ্চের এটা সহ্য হয়নি। তিনি শারীরিকভাবে আঘাত করে বসেন অ্যাশলেকে। দেখুন, বোল্টের পাশে দাঁড়ানোর লোকের অভাব আছে? রয়টার্স।টোয়েডেলের রূপকথাতিন মাস আগেও কি তাঁর কল্পনায় ছিল, লন্ডন অলিম্পিকে পদক জিতবেন? থাকবে কীভাবে, হাঁটুতে অস্ত্রোপচারের কারণে অলিম্পিকে অংশ নেওয়াটাই যে দুলছিল সংশয়ের দোলাচলে। অথচ গত পরশু অ্যাসিমেট্রিক বারে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়লেন ব্রিটিশ জিমন্যাস্ট বেথ টোয়েডেল। কোনো ব্রিটিশ মহিলার অলিম্পিক জিমন্যাস্টিকসে এটাই প্রথম ব্যক্তিগত পদক।২৭ বছর বয়স একজন জিমন্যাস্টের জন্য একটু বেশিই। এটাই যে শেষ অলিম্পিক, এই ব্যাপারে তাই খোদ টোয়েডেলেরও সন্দেহ ছিল না। তার ওপর এবারের অলিম্পিকে অংশ নেওয়াটা যেখানে ঢাকা পড়ে গিয়েছিল অনিশ্চয়তার মেঘে, সেখানে পদক জেতা রূপকথার গল্পই। হোক ব্রোঞ্জ, সেটা নিয়ে তাই খেদ নেই তাঁর, ‘সব সময়ই বলে এসেছি, রংটং নিয়ে খুব একটা মাথা ঘামাই না। আমি ব্রোঞ্জ পেয়েই খুশি।’ তিন মাস আগে কেঁদেছিলেন স্বপ্নভঙ্গের বেদনায়। এবার কাঁদলেন অপ্রত্যাশিত সাফল্যে, ‘তিন মাস আগে আমি কখনোই ভাবিনি এখানে অংশ নিতে পারব। আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম অলিম্পিকে আসা হবে না আর। আজ রাতে আমি শান্তিতে ঘুমাতে পারব, একটা পদক তো আছে।’ ওয়েবসাইট