অলিম্পিক কর্নার
...ফসকা গেরোউদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের কুচকাওয়াজ তখন। হঠাৎ করেই লখিন্দরের বাসরঘরে সাপ ঢোকার মতো এক নারী অলিম্পিক দলের সঙ্গে ঢুকে পড়েন অনাহূতভাবে। পরিচয়পত্র ছিল না তাঁর। হলুদ শাড়ি পরা প্রমীলা সদস্যদের থেকে ওই আগন্তুককে আলাদা করা গিয়েছিল সহজেই। নীল জিনেসর ওপর লাল টপস পরা। তখন কেউ কিছু টের পায়নি। এখন নামও জানা গেছে—মাধুরা হানি, বেঙ্গালুরুর মেয়ে, পড়েন লন্ডনে। আর উদ্বোধনী অনুষ্ঠানের এক দিন পর টনক নড়েছে ভারতীয় দলের। আয়োজকদের কাছে কৈফিয়ত চেয়েছে তারা। শেফ দ্য মিশন পি কে এম রাজার এখন মনে হচ্ছে, এ ঘটনা বিশ্বে ভারতের ভাবমূর্তিতে কালি ছিটিয়েছে, ‘আমরা জানি না সে কে এবং কেন তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছিল। মার্চ পাস্ট শুধু অ্যাথলেট ও অফিশিয়ালদের জন্য। যেভাবে সে দলে ভিড়ে মাঠ ঘুরে এল, আসলেই বিস্ময়কর।’ আয়োজক কমিটির প্রধান সেবাস্টিয়ান কো বলেছেন, ‘ মেয়েটি আয়োজকদের সঙ্গেই যুক্ত, তবে তাঁর ওখানে থাকার কথা ছিল না।’ রয়টার্স।সেরেনার প্রেরণা মিশেল তিন সপ্তাহ পর নিজের প্রিয় ঘাসের কোর্টে ফিরে শুভসূচনা করেছেন সেরেনা উইলিয়ামস। শনিবার অলিম্পিক অভিযানের প্রথম পরীক্ষায় ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে উড়িয়ে দিয়েছেন ৬-৩, ৬-১ গেমে। দ্বৈতে তাঁর সঙ্গী সহোদরা ভেনাস উইলিয়ামস ছিলেন দর্শক সারিতে, তবে বড় চমক ছিল আরেকটি। মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও ছিলেন উইলিয়ামসদের অতিথি হিসেবে। মিশেল ওবামার উপস্থিতি সেরেনার জন্য ছিল দারুণ অনুপ্রেরণা, ‘মিশেলকে দেখাটা ছিল দারুণ। আমি এ জন্য আরও ভালো খেলতে চেয়েছিলাম। আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি। তাঁর পোশাকও আমার পছন্দ, যেটা সব সময়ই দারুণ।’ ওয়েবসাইট।ওয়াংয়ের প্রতীক্ষার অবসানএর আগে চারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। কিন্তু অলিম্পিক সোনাটা ছিল অধরা। এমনকি গতবার দেশের মাটির বেইজিং অলিম্পিকে চোটের জন্য খেলতে না পারাটা ছিল তাঁর স্বপ্নভঙ্গ। এবার সেই অতৃপ্তি ঘোচালেন ২৬ বছর বয়সী মিংজুয়ান ওয়াং। ৪৮ কেজি ক্যাটাগরির ভারোত্তোলনে সোনা জিতলেন বিশ্বের এক নম্বর প্রমীলা ভারোত্তোলক। স্ন্যাচ আর ক্লিন অ্যান্ড জার্ক মিলে মোট ২০৫ কেজি ভার তুলেছেন, রুপাজয়ী জাপানের হিরোমি মায়াকের চেয়ে যা ৮ কেজি বেশি! উত্তর কোরিয়ার চুন হুয়া রিয়াং পেয়েছেন ব্রোঞ্জ, শেষ লিফটে থাইল্যান্ডের ১৭ বছর বয়সী বিস্ময় সিরিভিমন প্রামোংখোলকে হারিয়ে। ওয়েবসাইট।আক্কেলসেলামিলন্ডন অলিম্পিকে শুরুটা খারাপ হয়নি উরুগুয়ে ফুটবল দলের। প্রথম ম্যাচে আরব আমিরাতকে অস্কার তাবারেজের দল হারায় ২-১ গোলে। ওই ম্যাচটি হয় ম্যানচেস্টারে। তবে রোববার সেনেগালের বিপক্ষে পরের ম্যাচ খেলার জন্য ৩২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লন্ডনে যেতে লেগে যায় পাক্কা সাত ঘণ্টা। প্রিমিয়ার লিগের দলগুলো পথটা সাধারণত বিমানে বা রেলেই যায়। এই হ্যাপাটা উরুগুয়ে জানতই না, তাই বেছে নেয় বাসভ্রমণ। তাবারেজের কণ্ঠে ক্ষোভ, ‘আমাদের বলা হয়েছিল, ঝামেলা ছাড়াই সরাসরি যেতে পারব। অন্য পথেও যে যাওয়া যায়, এটা আমরা জানতাম না।’ এমন আক্কেলসেলামি দেওয়ার পর উরুগুয়ে পরেরবার দূরের পথ রেল বা বিমানেই যাবে। দুবার কি কেউ সাধ করে বেলতলায় যায়? এএফপি।