অলিম্পিক কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তারের হিড়িকলন্ডন অলিম্পিকেও কালোবাজারিদের দৌরাত্ম্য! টিকিট কালোবাজারি সন্দেহে লন্ডন পুলিশ গত সোমবার এক দিনেই গ্রেপ্তার করেছে ২৯ জনকে। এর মধ্যে আবার আছেন একজন করে জার্মান ও স্লোভাকিয়ান। এই দুই বিদেশিকেই আদালতে হাজির করা হবে ৮ আগস্ট। এ ছাড়া ক্রেডিট কার্ড চুরির অভিযোগে চৌদ্দ শিকের ভেতর ঠাঁই হয়েছে আরও তিনজনের। বিস্ময়কর হলেও সত্যি, আয়োজকদের কয়েকজন এই টিকিট কালোবাজারি চক্রের হোতা বলে আভাস দিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। আবার সানডে টাইমস ঘোষণা দিয়েছে, তাদের কাছে নাকি টিকিট নিয়ে নয়ছয়ের ভিডিও ফুটেজও আছে। গ্রেপ্তারের ঘটনা আরও অনেকই ঘটছে এবারের অলিম্পিকে। ব্রিটিশ ডাইভার টম ডালেকে আক্রমণাত্মক টুইটার বার্তা পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ১৭ বছর বয়সী অজ্ঞাতনামা এক তরুণকে। ব্রিটিশ দলের পদক জিততে না পারার ক্ষোভ থেকেই নাকি এমন উগ্র বার্তা! এএফপি।বর্ণবাদের শাস্তিঅলিম্পিক ফুটবলে সুইজারল্যান্ড ২-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় খবরের জন্ম দিয়েছেন মাইকেল মরগানেল্লা। টুইটারে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের উদ্দেশে বর্ণবাদী মন্তব্য করে বসেছেন তিনি। মরগানেল্লা নাকি বলেছেন, কোরিয়ানদের ক্রোমোজোম একটু বেশি, যেটা আসলে ইঙ্গিত করছে শিম্পাঞ্জির দিকেই। এই মন্তব্যের পর সমালোচনার ঝড় বয়ে যায় সব জায়গায়। টুইটার বার্তাটা মুছে ফেললেও মরগানেল্লা ভুল স্বীকার করেছেন। তবু আক্কেলসেলামি পেতে হয়েছে হাতেনাতে। সুইজারল্যান্ড কর্তৃপক্ষ পত্রপাঠ তাঁকে দেশের বিমানে উঠিয়ে দিয়েছে। সুইসদের শেফ দ্য মিশন গিয়ান গিলি বলেছেন, অলিম্পিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়েই শাস্তিটা পেতে হচ্ছে পালের্মোর এই ডিফেন্ডারকে। এএফপি।আড়ালে শিল্পঅলিম্পিকের আগে লন্ডনকে পরিচ্ছন্ন রাখার মিশনে হয়তো শহরটার শ্রীবৃদ্ধি খানিকটা হয়েছে। তবে আখেরে ক্ষতি হয়েছে পথশিল্পীদেরই। লন্ডনের বিভিন্ন রাস্তায় ম্যুরাল আঁকাটা এখন রীতিমতো একটা শিল্পই, এমনকি এই ব্যঙ্গচিত্রগুলো আঁকার জন্য ব্যাঙ্কসি নামের আলাদা একটা সড়ক পর্যন্ত আছে। কিন্তু পরিচ্ছন্নতা অভিযানে পাছে এই শিল্পকর্মগুলোর ক্ষতি না হয়, সে জন্য সেগুলো আপাতত ঢেকে রাখা হয়েছে। গ্রাফিতি শিল্পীরা বলছেন, অলিম্পিক শেষ না হওয়া পর্যন্ত এসব চাদরের আড়ালেই ঢাকা থাকবে। তার পরও আঁকাআঁকি থেমে নেই। জ্যাভলিন থ্রোয়ারের হাতে জ্যাভলিনের বদলে ‘মিসাইল’—আঁকা হচ্ছে এমন প্রতীকী চিত্রও। তবে সীমাটা ছাড়িয়ে যাচ্ছে মাঝেমধ্যেই। কয়েক দিন আগে উসকানিমূলক ছবি আঁকার জন্য চারজন গ্রাফিতি শিল্পীকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। এএফপি।এক পাউন্ড মাত্র!আক্ষরিক অর্থেই তারার মেলা বসেছিল লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে। পল ম্যাকার্টনির মতো অনেক নক্ষত্রের আলোয় জ্বলজ্বল করছিল লন্ডনের আকাশ। ভাববেন না, তারকাদের পেছনে মোটা অঙ্কের পয়সা খসেছে তাতে। আয়োজকেরাই জানিয়েছেন, কুশীলবরাও বলতে গেলে বিনা পারিশ্রমিকেই হাজির হয়েছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। আনুষ্ঠানিকতার খাতিরে মাত্র এক পাউন্ডের প্রতীকী সম্মানীতে চুক্তিবদ্ধ হয়েছেন সবাই। এমনকি বিটলস তারকা পল ম্যাকার্টনির পারিশ্রমিকও এক পাউন্ডই। এটাকে বিশাল সম্মানের ব্যাপার বলেই মনে হচ্ছে তাঁর কাছে। তবে মাত্র এক পাউন্ড পারিশ্রমিকটাও নাকি পাচ্ছেন না অনেকে! সংগীত তারকা এমেলি স্যান্ডের কপট অনুযোগ, ‘এক পাউন্ড পাওয়ার কথা আমার। এটা চুক্তিতেও লেখা আছে, আমি নিজেই তা সই করেছি। তবে বিশ্বাস করুন, আমি এখনো কিছু হাতে পাইনি!’ এএফপি।