অলিম্পিক কুইজের মেগা ড্র
লন্ডন অলিম্পিকে আইপ্যাড জিতলেন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার শিলইয়ের মুনসুর আহমেদ! পুরস্কারটি জিততে অবশ্য অলিম্পিক পর্যন্ত যেতে হয়নি তাঁকে। ২০১২ অলিম্পিক উপলক্ষে প্রথম আলোয় প্রকাশিত ‘ব্রিটিশ কাউন্সিল-প্রথম আলো অলিম্পিক কুইজ’-এর মেগা ড্রয়ে অংশ নিয়েই প্রথম পুরস্কার হিসেবে ব্রিটিশ কাউন্সিলের প্রি-লোডেড কনটেন্টসহ আইপ্যাড জিতেছেন তিনি।কাল প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই কুইজ প্রতিযোগিতার মেগা ড্র। ড্র পরিচালনা করেন লন্ডন অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশি শ্যুটার শারমিন আক্তার (রত্না)। এসএমএস পাঠিয়ে যাঁরা কুইজে অংশ নিয়েছেন, ড্র অনুষ্ঠানে লটারির মাধ্যমে তাঁদের মধ্য থেকেই ছয়জন বিজয়ী বেছে নেওয়া হয়েছে।লটারিতে দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি নেটবুক জিতেছেন গাজীপুর টাঁকশালের সিনিয়র পরীক্ষক সোমেন চৌধুরী ও ঢাকার মিরপুরের পাইকপাড়ার মোস্তফা মাসুদ আবদুল্লাহ। তৃতীয় পুরস্কার একটি করে স্মার্টফোন বিজয়ী তিন সৌভাগ্যবান হলেন লিটন আহমেদ, ১০৫ নর্থ হল, ঢাকা কলেজ; আরিফুল ইসলাম, সানকিপাড়া, ময়মনসিংহ এবং আশরাফুল আলম, দ্বিতীয় বর্ষ, ইবনে তাইমিয়া কলেজ, কুমিল্লা।আগামীকাল বিকেল সাড়ে চারটায় ঢাকায় প্রথম আলো কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।