অলিম্পিক ডে রানে নতুনত্ব
সারা বিশ্বের মতো এবারও বাংলাদেশে অলিম্পিক ডে রানের শোভাযাত্রা হচ্ছে আগামীকাল ২৩ জুন। ঢাকায় সকাল সাতটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শোভাযাত্রা শুরু হয়ে শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এ ছাড়া প্রতিটি জেলায়ও এই আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পৃষ্ঠপোষক হিসেবে আছে কোকাকোলা, এক্সিম ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।এবার অলিম্পিক ডে রান উদ্যাপনে যুক্ত হচ্ছে নতুন তিনটি উদ্যোগ। আগামীকাল সকাল সাড়ে আটটা থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বুদ্ধিপ্রতিবন্ধীদের জন্য খেলা, একই দিন সকাল ৯টা থেকে হ্যান্ডবল স্টেডিয়ামে রক্তদান এবং দুপুর ২টা থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি। স্কুলপর্যায়ে অলিম্পিকের মহত্ত্ব-শিক্ষা কর্মসূচিও থাকছে তিন দিনের আয়োজনে। আজ বিকেল চারটায় বিওএ ভবনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।কাল বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন বিওএর কর্মকর্তারা।