অলিম্পিক থেকে ভারতের সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অলিম্পিক কমিটির নির্বাচনী প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের কারণে ভারতের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না পাওয়া গেলেও এই সিদ্ধান্তটি সম্পর্কে অবহিত আছেন এমন দুই কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এ স্থগিতাদেশের ফলে এখন ভারতের পতাকাবাহী কোনো অ্যাথলেট ক্রীড়াবিশ্বের সর্বোচ্চ সম্মানসূচক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। সেই সঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে পাওয়া নানাবিধ আর্থিক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হবে ভারত।বেশ কিছুদিন ধরেই ভারতীয় অলিম্পিক কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য তাগাদা দিয়ে আসছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এক মাস ধরে এ বিষয়ে সতর্ক করা হলেও অলিম্পিকের সর্বোচ্চ সংস্থার দাবি পূরণ করে স্বাধীনভাবে নির্বাচন দিতে সক্ষম হয়নি ভারত। পরিণামে অলিম্পিক থেকে ভারতের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দেওয়ায় এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুখপাত্র মার্ক অ্যাডামস। সত্যিই যদি ভারতকে বহিষ্কার করা হয়, তাহলে সব ধরনের আর্থিক অনুদান থেকে বঞ্চিত হবে ভারত। অলিম্পিকের কোনো সভা বা প্রতিযোগিতায়ও অংশ নিতে পারবে না তারা। ভারতীয় অ্যাথলেটরাও ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় এই আসরে অংশ নিতে পারবেন না নিজ দেশের পতাকা নিয়ে। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিশেষ বিবেচনায় ভারতীয় অ্যাথলেটরা অংশ নিতে পারবেন। কিন্তু তাঁদের অংশ নিতে হবে অলিম্পিকের পতাকা নিয়ে।বর্তমানে ভারতের অলিম্পিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বিজয় কুমার মালহোত্রা। এই সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নতুন কমিটির নির্বাচন। এর জন্য সরকারি ক্রীড়ানীতি অনুসরণ না করে স্বাধীনভাবে আন্তর্জাতিক অলিম্পিক আইন অনুসারে নির্বাচন অনুষ্ঠান করার কথা ছিল ভারতের। এর আগে কুয়েতকেও একই ধরনের হুমকি দিয়েছিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। তবে গত সপ্তাহে নিজেদের ক্রীড়া আইন পরিবর্তন করে সদস্যপদ স্থগিতের হাত থেকে রক্ষা পেয়েছে কুয়েত।—টাইমস অব ইন্ডিয়া