অলিম্পিক দলের দুটি ম্যাচই কুয়েতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৯ মার্চ কুয়েতের বিপক্ষে ঢাকায় অলিম্পিক প্রাক-বাছাইপর্বে হোম ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু কুয়েত ফুটবল ফেডারেশনের অনুরোধে দুটি ম্যাচই কুয়েতে খেলতে সম্মত হয়েছে বাফুফে। ৯ মার্চ পূর্বনির্ধারিত ওই ম্যাচের সূচি বদলেছে। সেটি হতে পারে ৯ দিন আগে, ২৮ ফেব্রুয়ারি। সূচি পরিবর্তন করতে ফিফার সঙ্গে যোগাযোগ করছে কুয়েত।কাল বাফুফের দল ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, কুয়েতে হোম ও অ্যাওয়ে দুটি ম্যাচই খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিক প্রাক-বাছাইয়ের প্রথম ম্যাচ হবে ২৩ ফেব্রুয়ারি। কুয়েতের বিপক্ষে ম্যাচের জন্য কোচ রবার্ট রুবচিচ ২৮ জনের অনুশীলন ক্যাম্প শুরু করবেন আগামী ১২ ফেব্রুয়ারি। ক্যাম্পের জন্য ১৪ ফেব্রুয়ারি থেকে স্থগিত থাকবে বাংলাদেশ লিগ, দল কুয়েত থেকে ফিরলে শুরু হবে আবার।