অলিম্পিক নগরে টেস্ট-শ্রেষ্ঠত্বের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট আর অলিম্পিককে বুঝি প্রায় মিলিয়েই দিল লন্ডন! সেই ১৯০০ সালে একবার অলিম্পিকে জায়গা পেয়েছিল ক্রিকেট। তারপর থেকে এখন পর্যন্ত এটি ব্রাত্য। তবে কদিন পরই যে শহরে পর্দা উঠছে বিশ্বক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতার, আজ সেই শহরেই শুরু হচ্ছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ‘বড়’ ক্রিকেট সিরিজ!বড় অবশ্য গুরুত্বে। বাসিল ডি অলিভিয়েরা ট্রফি ধরে রাখার লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড চাইবে পুনরুদ্ধার করতে। তবে শুধু ট্রফি পাওয়াই নয়, সিরিজ জয়ের পুরস্কার এখানে আরও বড়। জিতলেই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের জন্য হিসাবটা একটু সহজ। জিতলে তো এক নম্বর জায়গাটা ধরে রাখবেই। চলবে ড্র করলেও। র‌্যাঙ্কিং ধরে রাখা আর ফিরে পাওয়ার এই লড়াই শুরু হচ্ছে আজ ওভাল টেস্ট দিয়ে। পরের দুই টেস্ট হেডিংলি আর লর্ডসে।গত বছরও ইংল্যান্ডে হয়েছিল এক নম্বরের লড়াই এবং ঠিক এই সময়েই। তবে তখন ইংল্যান্ড ছিল এবারের দক্ষিণ আফ্রিকার জায়গায়। মহেন্দ্র সিং ধোনির ভারতকে ধবলধোলাইয়ের লজ্জায় ডুবিয়ে এক নম্বর জায়গাটা কেড়ে নিয়েছিল অ্যান্ড্রু স্ট্রাউসের দল। এবার গ্রায়েম স্মিথের দল কি পারবে স্ট্রাউসদের ওই অভিজ্ঞতাই ফিরিয়ে দিতে? ধবলধোলাই নয়, যেকোনো ব্যবধানে সিরিজ জিততে পারলেই খুশি থাকবেন স্মিথ। এমনিতে ইংল্যান্ডে সুখস্মৃতির অভাব নেই স্মিথের। ইংল্যান্ডের মাটিতে প্রোটিয়া অধিনায়কের টেস্ট ব্যাটিং-গড় ৭২.২০। সর্বশেষ সফরে ইংল্যান্ড থেকে ফিরেছিলেন দারুণ এক সিরিজ জিতে (২-১)। সিরিজ হেরে চোখের জলে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সেই সময়ের ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।তবে সেই হার ও ভনের বিদায়কে বলা যায় ইংলিশ ক্রিকেটের নতুন এই যুগটার সূচনাও। ওই সিরিজের পর গত চার বছরে দেশের মাটিতে আর কোনো সিরিজ হারেনি ইংল্যান্ড! এক নম্বরে উঠে এসেছে সেই ধারাবাহিকতাতেই। দেশের মাটিতে স্ট্রাউসের ইংল্যান্ড তাই একরকম অপ্রতিরোধ্য। তবে ইংলিশদের এই রেকর্ড খুব একটা চিন্তায় ফেলছে না প্রোটিয়াদের। তারা যে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বিদেশের মাটিতে! ২০০৬ সালে ভঙ্গুর দল নিয়ে শ্রীলঙ্কায় গিয়ে হেরে আসার পর বিদেশের মাটিতে কোনো সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা! এই সিরিজের মজাটাই এখানে। গত কয়েক বছরের রেকর্ডে যেমন দুই দলকে আলাদা করা মুশকিল, তবে কোনো এক দলকে এগিয়ে-পিছিয়ে রাখা মুশকিল দলীয় শক্তিতেও। টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশের চারজন দক্ষিণ আফ্রিকার—ক্যালিস, ডি ভিলিয়ার্স, আমলা, স্মিথ। ইংল্যান্ডের শুধু অ্যালিস্টার কুক, তবে সঙ্গে স্ট্রাউস-পিটারসেন-ট্রট-প্রায়রদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপকে পিছিয়ে রাখবেন কীভাবে! বোলিংয়ে সেরা দশে দুই দলেরই তিনজন করে। স্টেইন-মরকেল-ফিল্যান্ডার আর অ্যান্ডারসন-ব্রড-ব্রেসনান—পেস আক্রমণ দুর্দান্ত দুই দলেরই। স্পিনেই শুধু গ্রায়েম সোয়ান পরিষ্কার এগিয়ে ইমরান তাহিরের চেয়ে। তবে দীর্ঘদিন কাউন্টি খেলা তাহিরকে অবহেলা করলে মূল্য দিতে হতে পারে ইংলিশদের। সিরিজ শুরুর আগে আগে টুকটাক কিছু কথার লড়াইও হয়েছে। প্রতীকী হতেই যেন সেই লড়াইয়ে দুই দলের নেতৃত্ব দিয়েছেন স্টেইন ও অ্যান্ডারসন। সিরিজ জয়ের জন্য দুই অধিনায়কের সবচেয়ে বড় ভরসা তো এই দুজনই! বিশেষজ্ঞদের প্রায় সবার কণ্ঠে একই কথা, বোলিংই গড়ে দেবে সিরিজের ভাগ্য। সে ক্ষেত্রে আবার এটাও বলা যায়, দায়িত্ব ব্যাটসম্যানদেরই বেশি! এই সিরিজ এমনই জটিল হিসাব-নিকাশের, আগে থেকে কিছু বলা মুশকিল। তবে এটুকু বলা যায়, যতটা না স্কিল, এই সিরিজটা তার চেয়ে অনেক বেশি পরীক্ষা মানসিক দৃঢ়তার! এএফপি, ওয়েবসাইট।