অলিম্পিক ফিরছে টোকিওতে

১৯৪০ সালে টোকিও আয়োজনভার পেয়েও অলিম্পিক করতে পারেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। টোকিও সেটি আয়োজন করে ১৯৬৪ সালে। ওটাই প্রথম এশিয়ায় বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ। ৫৬ বছর পর ২০২০ সালে এশিয়ার প্রথম নগর হিসেবে টোকিও আবার ফিরে পাচ্ছে অলিম্পিক। পরশু বুয়েনস এইরেসে আইওসির সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট পড়ে টোকিওর বাক্সে। প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলকে (৩৬) বিপুল ভোটে হারিয়েছে জাপানের রাজধানী (৬০)।
বুয়েনস এইরেসে নাটকটা অবশ্য বেশ জমেই উঠেছিল। টোকিওর সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছিল মাদ্রিদ ও ইস্তাম্বুল। তবে ধারণা ছিল, আসল লড়াইটা হবে জাপান ও স্পেনের দুই রাজধানীর মধ্যে। কিন্তু প্রথম দফা ভোটেই স্পেনবাসীকে স্তম্ভিত করে বাদ পড়ে যায় মাদ্রিদ। শেষ পর্যন্ত ভাগ্যে শিকে ছেঁড়ে টোকিওর।
অথচ টোকিওরও শঙ্কা কম ছিল না। নগরের আয়োজনের সামর্থ্য বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা না থাকলেও বড় একটা সংশয় ছিল। আড়াই বছর আগে ভূমিকম্প ও সুনামিতে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে জাপান। ফুকুশিমা পারমাণবিক চুল্লি থেকে তেজস্ক্রিয়তার প্রমাণ পাওয়া যায়। সবারই ধারণা ছিল, টোকিওর জয়ের পথে সবচেয়ে বড় বাধা হতে পারে এটাই। ফুকুশিমা থেকে টোকিওর দূরত্ব যে মাত্র ২২০ কিলোমিটার! জাপান অবশ্য বারবারই বলে আসছিল টোকিও মোটেই হুমকিতে নেই। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে নিজেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে জি-২০ সম্মেলন থেকে সরাসরি উড়ে গিয়েছিলেন বুয়েনস এইরেসে। বলেছেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, টোকিওর ক্ষতি হওয়ার কোনো শঙ্কা নেই।’ প্রধানমন্ত্রীর কথায় যে আইওসির সদস্যরা আশ্বস্ত হয়েছেন, সেটা তো বোঝাই গেল!
প্রচারণা শুরু হয়েছিল দুই বছর আগে। কদিন থেকে তো দিন-রাত এক করে প্রচার চালিয়ে আসছিল প্রার্থী নগরগুলো। আইওসির বিদায়ী প্রেসিডেন্ট জ্যাক রগ টোকিওর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে জাপানের প্রচারণা দল। একে অন্যকে আলিঙ্গনে বাঁধতে থাকে তারা। ওড়াতে থাকে লাল-সাদা পতাকা। এ মুহূর্তটির জন্য যে কতটা অধীর হয়ে ছিলেন সেটা জানাচ্ছেন প্রচারণা দলের প্রধান সুনেকাজু তাকেদা, ‘আমি এ সময়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি। আইওসির সদস্যরা দেখতে পাচ্ছেন টোকিও নিরাপদ।’ প্রধানমন্ত্রী আবে ধন্যবাদ দেন দেশবাসীকে, ‘আমি এই কাজের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ দিতে চাই। আমরা একটা অসাধারণ অলিম্পিক আয়োজন করতে যাচ্ছি।’ বুয়েনস এইরেসে যখন চলছিল ভোটাভুটি, তখন জাপানে কেবল ভোরের আলো ফুটেছে। রুদ্ধশ্বাস উত্তেজনা শেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্তের পর টোকিও হয়ে ওঠে উৎসবের নগর। রাস্তায় দল বেঁধে সবাই ‘বানজাই’ (হুররে), ‘আরিগাতো’ (ধন্যবাদ) বলে গলা ফাটাতে থাকে। অনেকের চোখেই চিকচিক করছিল আনন্দজল। ১৯৬৪ সালের একটি ভেন্যু কোমাজাওয়া অলিম্পিক পার্ক বর্ণিল হয়ে ওঠে সোনালি রাংতায়।
টোকিও যখন উদ্যাপনে উদ্বেল, তখন মাদ্রিদ, ইস্তাম্বুলে শ্মশানের নীরবতা। বিশেষ করে মাদ্রিদের জন্য তো এটা বিশাল এক স্বপ্নভঙ্গ। গত বেশ কয়েকবারই অলিম্পিক আয়োজক হওয়ার চেষ্টা করেছে মাদ্রিদ। এবারও আশাটা বুদ্বুদ তুলে মিলিয়ে গেল। ধারণা করা হচ্ছে, বাজেটের অপ্রতুলতাই মাদ্রিদের ব্যর্থতার কারণ। এমনিতেই অবশ্য স্পেন লম্বা আর্থিক মন্দায় ভুগছে। আর ইস্তাম্বুলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। প্রতিবেশী সিরিয়ার উত্তপ্ত পরিস্থিতিও গেছে ইস্তাম্বুলের বিরুদ্ধে। এএফপি, বিবিসি।