অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের শ্রেষ্ঠত্বের স্বাদ নেওয়ার মিশনের শেষ ধাপে পৌঁছে গেছে ব্রাজিল। ফাইনালের পথে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। ব্রাজিলের এই বিশাল জয়ে অবদান লিওনার্দো ড্যামিও ও রোমুলোর। এর মধ্যে ড্যামিওর পা থেকে এসেছে ২ গোল। কালকের দুই গোলে ড্যামিওর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬-এ। এবারের অলিম্পিক ফুটবলে শীর্ষ গোলদাতা তিনিই।কাল দুই দলই পরিবর্তন এনেছিল নিজেদের একাদশে। হালকের পরিবর্তে আলেক্স সান্দ্রোকে খেলিয়েছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াও চোটগ্রস্ত জাং সুং-রিয়ং ও কিম চ্যাং সুয়ের পরিবর্তে মাঠে নামিয়েছিল লি বিওম-ইয়ং ও ওহ জা সিওককে। খেলার শুরুতে অবশ্য ব্রাজিলের চেয়ে বলের দখল ও আক্রমণের ধারে এগিয়ে ছিল দক্ষিণ কোরিয়াই। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করে তারা। তবে প্রাথমিকভাবে একটু পিছিয়ে থাকলেও পরবর্তী সময়ে গা-ঝাড়া দিয়ে ওঠে মনো মেনেজেসের ছেলেরা।ম্যাচের ৩৮ মিনিটে গোল করে এগিয়ে যায় ব্রাজিল। রোমুলোর পা থেকে আসে দক্ষিণ কোরিয়ার আত্মবিশ্বাস নষ্ট করে দেওয়া সেই গোল। এর পরের সময়গুলো অবশ্য একেবারেই লিওনার্দো ড্যামিওর নিজের। ৫৭ ও ৬৪ মিনিটে ড্যামিও আরও দুটি গোল করে দক্ষিণ কোরিয়াকে খেলা থেকে একেবারে ছিটকে ফেলেন। রোমুলোর পা থেকে আসা প্রথম গোলটির উত্সমূলে ছিলেন নেইমার ও অসকার। এই তারকার কাছ থেকে বল পেয়েই প্লেসিং শটে বল জালে জড়ান রোমুলো। ড্যামিওর প্রথম গোলেও ছিল নেইমারের অবদান। বক্সের একটু বাইরে থেকে ওয়ান টু ওয়ান খেলে নেইমারের বাড়িয়ে দেওয়া বলেই ১৫ গজ দূর থেকে জালে জড়িয়ে দেন ড্যামিও। এর ঠিক সাত মিনিট পরই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন সেই ড্যামিও। দক্ষিণ কোরীয় রক্ষণভাগের ভুলে ম্যাচে নিজের দ্বিতীয় ও অলিম্পিকে ষষ্ঠ গোলটি করতে খুব একটা বেগ পেতে হয়নি তাঁর। অলিম্পিক ফাইনালে এর আগে তিনবার উঠেছে ব্রাজিল। তিনবারই তাদের রুপার পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। ১৯৮৪, ১৯৮৮ ও ২০০৮ সালের ব্যর্থতার পর এবার চতুর্থবারের প্রচেষ্টায় ব্রাজিলের অধরা সোনার হরিণ ধরা দেবে কি না, সেটা জানতে অপেক্ষা করতে হবে রোববার পর্যন্ত। রোববার ওয়েম্বলিতে সোনার পদকের লড়াইয়ে ব্রাজিল মুখোমুখি হবে মেক্সিকোর। রয়টার্স।