অলিম্পিক বীরের সাফল্যে উদ্বেল উগান্ডা
পেশায় তিনি একজন কারারক্ষী। উগান্ডার অর্থনৈতিক বাস্তবতায় খুব বড় কোনো পেশা ওটা নয়। কিন্তু স্বল্প বেতনের এই কারা তত্ত্বাবধায়ক স্টিফেন কিপরোটিচই তাঁর দেশকে ৪০ বছর পর এনে দিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ামঞ্চ অলিম্পিক থেকে সোনার পদক। কিপরোটিচের এই অনন্যকীর্তিতে এখন আনন্দে ভাসছে আফ্রিকার দারিদ্র্যপীড়িত এ দেশটি।কিপরোটিচ উগান্ডার মানুষকে আনন্দে ভাসিয়েছেন। এর কিছুটা প্রতিদান তাঁকে দিতে চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সংবর্ধনা-টংবর্ধনা এগুলো তো ছিলই, বিমানবন্দরে নেমে গন্তব্যে পৌঁঁছাতে দীর্ঘ সময় লেগে যায় কিপরোটিচকে বহনকারী গাড়িটির। রাজধানী কাম্পালার মানুষ রাস্তায় নেমে আসে এই অলিম্পিক হিরোকে স্বাগত জানাতে।উগান্ডার প্রেসিডেন্ট ইয়োইরি মুসেভিনি কিপরোটিচের হাতে তুলে দেন ৮০ হাজার ডলারের চেক। সাধারণ কারারক্ষী থেকে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছে কারা সুপারিনটেনডেন্টের পদে। কিপরোটিচকে পাশে নিয়ে দেশটির অ্যাথলেটিকসের উন্নয়নের লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। আপাতত কিপরোটিচের সাফল্যের পর ওটাই হতে পারে উগান্ডার খেলাধুলার জন্য সবচেয়ে বড় সুসংবাদ।অতিদরিদ্র পরিবারের সন্তান কিপরোটিচ। বুড়ো মা-বাবার জন্য নিজের কোনো বাড়ি ছিল না এই উগান্ডান ম্যারাথনারের। অলিম্পিকে সোনা জিতে কিপরোটিচ তাই এতটুকু আবদারই করলেন প্রেসিডেন্ট মুসেভিনির কাছে—মা-বাবার থাকার জন্য একটি বাড়ি তাঁর চাই-ই। প্রেসিডেন্টও কথা দিয়েছেন, কিপরোটিচের পৈতৃক নিবাস ক্যাপচোরোয়া জেলায় তাঁর মা-বাবার জন্য একটি তিনতলা বাড়ি তৈরি করে দেওয়ার।১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসে উগান্ডাকে শেষবারের মতো সোনা এনে দিয়েছিলেন জন আকি বুয়া। ৪০ বছর পর আকি বুয়ার কীর্তিতে ভাগ বসালেন কিপরোটিচ ম্যারাথনে দেশকে সোনার পদক উপহার দিয়ে। বিবিসি অনলাইন।