অলিম্পিক মিশনে মাতা-আলবা
মাত্র কয়েক দিন আগে ইউরো জিতে ইতিহাস গড়েছে স্পেন। অলিম্পিকের সোনাটাও এবার হাতছানি দিচ্ছে তাদের। ২৬ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই ক্রীড়াযজ্ঞের জন্য স্পেন দলের নাম ঘোষণা করা হয়েছে গত মঙ্গলবার। ইতালির সঙ্গে ফাইনালের দুই গোলদাতা জর্ডি আলবা ও হুয়ান মাতা আছেন এই দলে। ইউরোজয়ী দলের আরেক সদস্য জাভি মার্টিনেজও তাঁদের সঙ্গী। কোচ লুইস মিলা বেশ কয়েকজন উঠতি তারকাকেই দলে রেখেছেন। যেমন: থিয়াগো আলকানতারা, ক্রিস্টিয়ান তেয়ো, ডেভিড ডি গিয়া, ইকার মুনাইন, আদ্রিয়ান লোপেজ। চূড়ান্ত দলটি ২২ থেকে ছেঁটে নামানো হবে ১৮ জনে। অলিম্পিক সোনা জয়ের সুখস্মৃতি অবশ্য স্পেনের আছে। দেশের মাটিতে ১৯৯২ বার্সেলোনা অলিম্পিকে সোনা জিতেছিল লা ফুরিয়া রোজারা।প্রস্তুতির অংশ হিসেবে সেনেগালের সঙ্গে ১৩ জুলাই আর মেক্সিকোর সঙ্গে ১৮ জুলাই দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। দীর্ঘ মৌসুমের পর আলবা, মাতারা এখন বিশ্রামে আছেন; কদিন পরেই তাঁরা যোগ দেবেন দলের সঙ্গে। এএফপি।