অলিম্পিক যখন রাজনীতির অস্ত্র
অপেক্ষার প্রহর ফুরোল প্রায়। আর দুই দিন পরেই শুরু হয়ে যাবে ধরনির বৃহত্তম ক্রীড়াযজ্ঞ। তবু যত ঘনিয়ে আসছে সেই ক্ষণ, পাল্লা দিয়েই যেন একের পর এক বিতর্ক জড়াচ্ছে রিও অলিম্পিকেরসঙ্গে। এবার অবশ্য জিকা কিংবা ডোপিং নয়, সরাসরি রাজনৈতিক ব্যাপারই জড়িয়ে পড়ল অলিম্পিকের সঙ্গে।
অলিম্পিকের আমেজ ছড়িয়ে পড়েছে রিও ডি জেনিরোতে। কোপাকাবানা সৈকত তো এখন উৎসবের কেন্দ্রবিন্দু। কিন্তু পরশু হঠাৎই সে আনন্দে ছন্দপতন ঘটল। ব্রাজিলের সাময়িকভাবে পদচ্যুত প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানালেন চার হাজারেরও বেশি লোক। বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে প্রতিবাদকারীরা নিজেদের দাবি জানালেন, দুর্নীতির অভিযোগে সাময়িকভাবে ক্ষমতাচ্যুত রুসেফকে যেন আর ফিরতে দেওয়া না হয়। অলিম্পিক উপলক্ষে সারা বিশ্ব থেকে আসা পর্যটকদের কাছে নিজেদের দাবিটা জানালেন প্রতিবাদকারীরা। রয়টার্স।