অলিম্পিক শিখা নেভানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটু হলেই নিভে যেত অলিম্পিকের শিখা। ফাইল ছবি।
আরেকটু হলেই নিভে যেত অলিম্পিকের শিখা। ফাইল ছবি।

অলিম্পিক শিখা এখন ব্রাজিল প্রদক্ষিণ করছে। আর ১৯ দিন পরেই শুরু অলিম্পিক, ওই দিন সেই শিখা নিয়ে আসা হবে রিও ডি জেনিরোতে। এমনিতে অলিম্পিকের শিখা সব সময় প্রজ্বলিতই থাকে। অথচ কাল সেই শিখা প্রায় নিভিয়ে ফেলাই হয়েছিল। ব্রাজিলের জয়েনভিলে অলিম্পিক শিখার পরিভ্রমণের সময় এক লোক সেই কাজটাই করতে চেয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য চেষ্টাটা সফল হয়নি।

অলিম্পিক আয়োজনকে ঘিরে ব্রাজিলে বেশ কিছু দিন ধরেই চলছে প্রতিবাদ। অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক কেলেঙ্কারিতে জর্জরিত একটা দেশে অলিম্পিক আয়োজনের বিরোধীদের সংখ্যা একেবারে কম নয়। গত মাসে যেমন মারাকাজুতে শিখার ওপর ঠান্ডা পানি ঢেলে দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। ব্যর্থ হয়েছিল সে চেষ্টা। তবে কালকের ঘটনা একটু অন্য রকম।

জয়েনভিলের রাস্তায় শিখা প্রদক্ষিণের সময় দুই পাশে আটজনের মতো পুলিশ ছিল। হঠাৎ এক লোক সেই বেষ্টনীতে ঢুকে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। ভাগ্য ভালো, শিখাটা নিভে যায়নি। পুলিশ টের পাওয়ার সঙ্গে সঙ্গেই লোকটিকে জাপটে ধরে। মশালবাহকেরও কোনো ক্ষতি হয়নি। পরে নির্বিঘ্নেই শেষ হয়েছে বাকি প্রদক্ষিণ।