অলিম্পিকে এসবও কি খেয়াল করে দেখেছেন?
অলিম্পিকে এত এত খেলা, এত এত ক্রীড়াবিদ। কিন্তু শুধু খেলাতেই সীমাবদ্ধ নয় অলিম্পিক। খেলার বাইরের জগৎটা বরং আরও বর্ণিল। আরও বিশাল। এবারের অলিম্পিকে কি কখনো খেলার বাইরে এই বিষয়গুলো আপনার নজরে পড়েছে? বিবিসি অবলম্বনে—

মুক্তো দানা
এবারের জিমন্যাস্টে আলাদা করে নজর কেড়েছেন সিমোন বাইলস। বিশেষ নজর কেড়েছে পুরো যুক্তরাষ্ট্র জিমন্যাস্ট দলের পোশাক। গাঢ় নীল সেই পোশাকের বুকে ছোট ছোট মুক্তো দানা যেন বসানো। ঠিক মুক্তো নয়, ওগুলো আসলে ক্রিস্টালের তৈরি। অস্ট্রিয়ার নামকরা ফ্যাশন প্রতিষ্ঠান সোয়ারভস্কির তৈরি প্রায় পাঁচ হাজার ছোট ছোট ক্রিস্টালের পুঁতি বসানো আছে প্রতিটি পোশাকে। প্রতিটি পোশাকের দাম পড়েছে ১ হাজার ২০০ ডলার বা ৯৩ হাজার টাকারও বেশি।

সাঁতারু যদি সাঁতরাতে না পারে!
বিশ্বের সেরা সাঁতারুরাই যায় অলিম্পিকে সাঁতরাতে। অলিম্পিক সাঁতারুদের জীবনের সুরক্ষার জন্যও কিন্তু প্রতিটি পুলের পাশে রাখা হয় লাইফগার্ড। ব্রাজিলের আইন অনুযায়ী একটি নির্দিষ্ট আকারের চেয়ে বড় সুইমিং পুলের পাশে সার্বক্ষণিক সতর্ক নজরদারি থাকতে হবে লাইফগার্ডদের। এবারের অলিম্পিকও এই আইনের বাইরে ছিল না। সব মিলিয়ে ৭৫ জন লাইফগার্ড এবার দায়িত্ব পালন করেছেন ফেল্প্স-লোক্টিদের জরুরি অবস্থায় সাহায্য করার জন্য। অবশ্য লন্ডন অলিম্পিকে দেড় শর মতো লাইফগার্ড ছিলেন। বলা বাহুল্য, অলস সময়ই কেটেছে এঁদের। বিশ্বের সেরা সাঁতারুদের পানি থেকে বাঁচানোর এমন দায়িত্ব পেলে কী হবে, দুই সপ্তাহের জন্য মাত্র ৩১৪ ডলার করে বেতন পেয়েছেন এঁরা।

অদ্ভুত ট্রফি
ফুল ফোটে ঝরে যায়, দুনিয়ার রীতি। আগের অলিম্পিকে বিজয়ীদের পদক দেওয়ার পাশাপাশি দেওয়া হতো ফুলের তোড়া, যেগুলোর শেষ ঠিকানা হতো ডাস্টবিন। এবার অন্য বুদ্ধি বের করেছে রিও। বিজয়ীদের মেডেলের পাশাপাশি দেওয়া হয়েছে বাড়তি একটা ট্রফি। কিন্তু সেই ট্রফি আবার দেখতে অদ্ভুত। কী এক প্যাঁচানো নকশার। চীনা সাঁতারু ইউয়ানহুইকে যখন এটি দেওয়া হয়েছিল হাতে, তাঁর মুখভঙ্গি ছিল—এ আবার কী জিনিস বাবা। পেপারওয়েট, নাকি ন্যাপকিন হোল্ডার! এটি আসলে রিও অলিম্পিকের লোগোর ত্রিমাত্রিক প্রিন্ট করা ট্রফি।

জিতলে ট্যাক্স!
অলিম্পিকে মেডেল জিতলে কিন্তু আপনি আয়োজকদের কাছ থেকে কোনো টাকা পাবেন না। বিভিন্ন দেশ বোনাস ঘোষণা করে, দেশের অলিম্পিক কমিটি দেয় প্রাইজমানি। এতে কিন্তু ‘লস’ও আছে। যেমন আপনি যুক্তরাষ্ট্রের পদকজয়ী হলে আপনাকে পদক জেতার কারণে দিতে হবে কর! এবার যেমন মাইকেল ফেল্প্স ছয়টি পদক জিতেছেন, যার জন্য তাঁকে প্রায় ৫৫ হাজার ডলার ট্যাক্স দিতে হবে। ইউএস অলিম্পিক কমিটি প্রতিটি সোনার জন্য ২৫ হাজার, রুপার জন্য ১৫ হাজার ও ব্রোঞ্জের জন্য ১০ হাজার ডলার করে প্রাইজমানি দিচ্ছে। পাঁচটি সোনা ও একটি ব্রোঞ্জের জন্য ফেল্প্স এবারও বেশ বড় অঙ্কের প্রাইজমানি পাবেন ইউএসওসি থেকে। করও কিন্তু তাঁকে দিতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ লাখ টাকা। অন্য অনেক দেশ কিন্তু কর রেয়াত দেয় অলিম্পিকজয়ীদের। যেমন ফেল্প্সকেই হারানো সিঙ্গাপুরের জোসেফ স্কুলিং ৭ লাখ ৫৩ হাজার ডলার বোনাসই পাচ্ছেন!

টাকা দাও, চ্যালেঞ্জ করো
ফেলো কড়ি মাখো তেল। কোনো জিমন্যাস্টের কোচ যদি মনে করেন তাঁর খেলোয়াড়ের আরও বেশি পয়েন্ট পাওয়া উচিত ছিল, বিচারকদের তিনি চ্যালেঞ্জ করতে পারবেন। তবে এর জন্য টাকা গুনতে হবে। ৩০০ ডলার ফি জমা দিয়ে চার মিনিটের মধ্যে আবেদন করলে প্রথমবার চ্যালেঞ্জের সুযোগ পাবেন ওই কোচ। দ্বিতীয় আর তৃতীয় চ্যালেঞ্জের জন্য গুনতে হবে ৫০০ ও ১০০০ ডলার। টাকার ব্যবস্থা এ জন্যই করা হয়েছে, কেউ যেন অহেতুক চ্যালেঞ্জ না করে। অবশ্য এবার বক্সিংয়ে এই সুযোগ রাখা হয়নি। বিচারকদের রায়ই ছিল চূড়ান্ত। আবার উচ্চলম্ফেও চ্যালেঞ্জ করার সুযোগ ছিল।

মাসকটের অন্য ব্যবহার
কুস্তিতে আবার কায়দাটা একটু অন্য রকম। রেফারির কোনো সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে চাইলে কোচকে ‘নরম কিছু’ ছুড়ে মারতে হবে। এই নরম জিনিস কোথায় মেলে? অলিম্পিকের মাসকটের পুতুলটাকেই এই কাজে ব্যবহার করেছেন কুস্তির কোচেরা! এর আগে ফোমের তৈরি ইট ছুড়তেন। অবশ্য এতে করে অলিম্পিকের মাসকটের অবমাননা করা হয়েছে কি না, সেই বিতর্কও কিন্তু হয়েছিল।

মোজা-মাপক
এবার আরেকটি অদ্ভুত ছবি চোখে পড়েছে। সাইক্লিং ইভেন্ট শুরুর আগে কর্মকর্তারা গজ ফিতা নিয়ে প্রতিযোগীদের মোজার দৈর্ঘ্য মেপেছেন। ২০১২ সালে সাইক্লিংয়ের অভিভাবক সংস্থা নিয়ম করে দেয়, মোচার দৈর্ঘ্য অবশ্য হাঁটু থেকে গোড়ালির অর্ধের অর্ধেকের বেশি হতে পারবে না। এ নিয়ম করা হয়েছে অবশ্য যৌক্তিক কারণেই। বিশেষ ধরনের মোজা ব্যবহার করে পেশিশক্তির বাড়তি সুবিধা নিয়ে কেউ যেন অন্যায়ভাবে নিজের পারফরম্যান্সে সুবিধা নিতে না পারে।

মাছ ধরা নিষেধ
রিওতে গেছেন, সমুদ্রে মাছটাছ ধরতে মন চাইতেই পারে। কিন্তু সেই মৎস্য শিকারের বাসনা টয়লেটে দেখানো যাবে না। প্রশ্ন করতে পারেন, টয়লেটে আবার কেউ মাছ ধরে নাকি! একই প্রশ্ন করেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় এলেনা ডেলা। অলিম্পিক ভিলেজের টয়লেটে কীভাবে কমোড ব্যবহার করতে হবে, এ–সংক্রান্ত সচিত্র নিয়মকানুনে কী কী করা যাবে না, এমন ছবির মধ্যে এই ছবিও আছে, কমোডে বড়শি ফেলে ধরা হচ্ছে মাছ! সেটিরই ছবি তুলে ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছেন ডেলা।