অলিম্পিকে চোখ আর্চারদের
টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ব্যস্ত সময় কাটছে ২৫ আর্চারের। নতুন কোচ হাগ ইয়ং কিমের দম ফেলার ফুরসত নেই। সকাল-বিকেল দুবেলা অনুশীলন। যোগব্যায়াম, মেডিটেশনও বাদ নেই।
দক্ষিণ কোরিয়ান কোচ হাগের সঙ্গে সম্প্রতি এক বছরের চুক্তি করেছে আর্চারি ফেডারেশন। আগামী ছয় মাসে গোটা পাঁচেক আন্তর্জাতিক টুর্নামেন্ট সামনে রেখেই তাঁকে আনা। জুলাইয়ে ডেনমার্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, সেপ্টেম্বরে থাইল্যান্ডে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, অক্টোবরে ইরানে এশিয়ান কাপ। এ ছাড়া সেপ্টেম্বরে যুব কমনওয়েলথ ও ডিসেম্বরে সম্ভাব্য এসএ গেমস মাথায় রেখে ফেডারেশনের এমন পরিকল্পনা।
ক্যাম্পে শুধু ইমদাদুল হক মিলন নেই। আনসারের চাকরির বাধ্যবাধকতায় তাঁকে কর্মস্থল খাগড়াছড়ি গিয়ে রিপোর্ট করতে হয়েছে। দু-এক দিনের মধ্যে ক্যাম্পে আসার কথা। তবে কাল ফোনে বললেন, ‘এমন কোচ আগে পেলে আমাদের জন্য খুব ভালো হতো। এখন তাঁর কাছ থেকে আমরা কতটুকু নিতে পারি সেটাই দেখার।’ ইমদাদুল গত লন্ডন অলিম্পিকে খেলেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। এবার তাঁর আশা, ‘রিও অলিম্পিকে যেতে চাই সরাসরি সুযোগ পেয়ে।’ সেই সুযোগ পাওয়ার প্রথম শর্ত—ডেনমার্কে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেরা দশে থাকা।
অলিম্পিকে সরাসরি খেলার স্বপ্ন দেখছেন সজীব শেখও। গত মার্চে থাইল্যান্ডে এশিয়া কাপে রুপাজয়ী দলের সদস্য চান নিজের আরও উন্নতি, ‘বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে চাই। তাহলে অলিম্পিকে খেলার সুযোগ পেতে পারি। ওয়াইল্ড কার্ড নয় সরাসরি অলিম্পিকে খেলব আশা করি।’
গত বছর ইরানে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরা পাঁচের মধ্যে ছিলেন সজীব। সেরা তিনে থাকলে অলিম্পিকে সরাসরি সুযোগ পেতেন। অল্পের জন্য সুযোগ হাতছাড়া। তবে নতুন কোচ পেয়ে খুশি তিনিও, ‘এই কোচ আমাদের নতুন অনেক কিছুই শেখাচ্ছেন। আশা করি, রিওতে সরাসরি খেলব।’
কোচ হাগও স্বপ্ন দেখছেন, ‘এই ছেলেদের শেখার আগ্রহ অনেক। ওরা অনেক দূর যাবে।’