অলিম্পিকে ঝড় তুলবেন যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়ার মহাযজ্ঞ—অলিম্পিক। লন্ডনের ট্র্যাকে, পুলে, জিমনেশিয়ামে ঝড় তুলতে ইতিমধ্যেই সারা পৃথিবী থেকে গ্রেট ব্রিটেনের রাজধানীতে জড়ো হয়েছেন হাজার হাজার ক্রীড়াবিদ। তাঁদের সবারই লক্ষ্য নিজেদের সেরা ক্রীড়াশৈলী প্রদর্শনের মাধ্যমে দেশের মুখ উজ্জ্বল করা। অলিম্পিকে প্রতিবারই অজস্র অ্যাথলেটের মধ্য থেকে খ্যাতির শিখরে অবস্থান করেন অল্প কয়েকজন। যাঁরা ঠাঁই পান বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের ইতিহাসে। এবারের লন্ডন অলিম্পিকেও এমনই ইতিহাস গড়ার সম্ভাবনায় থাকা বিভিন্ন দেশের পাঁচজন ক্রীড়াবিদ সম্পর্কে আসুন সংক্ষেপে জেনে নেওয়া যাক।রায়ান লোকতে (যুক্তরাষ্ট্র)২০০৮ সালের বেইজিং অলিম্পিক পুরোটাই ছিল মাইকেল ফেল্পসময়। এই মার্কিন সাঁতারু নিজের অসাধারণ ক্রীড়াশৈলী দিয়ে জয় করেছিলেন সারা বিশ্বের ক্রীড়ামোদীদের হূদয়। যদি বেইজিং অলিম্পিক মাইকেল ফেল্পসের হয়, তাহলে লন্ডনে অনুষ্ঠেয় এবারের আসরে সাঁতার পুলে ঝড় তোলার জন্য প্রস্তুত আরেক মার্কিন সাঁতারু রায়ান লোকতে। যদিও এ মাসের শুরুর দিকে অলিম্পিক ট্রায়ালে ২৭ বছর বয়সী ফ্লোরিডার এই সাঁতারু ফেল্পসের কাছে চারবারের লড়াইয়ে তিনবারই পরাজিত হয়েছেন, তার পরও লোকতে আত্মবিশ্বাসী যে তিনি অলিম্পিকে ঝড় তুলবেনই। ‘সত্যি কথা বলতে কি, আমি মনে করি এবারের অলিম্পিক আমারই।’ নিদারুণ আত্মবিশ্বাসের সঙ্গে লোকতে বারবারই বলেছেন এ কথা। লোকতের সামনে একমাত্র বাধা হতে পারেন তাঁর স্বদেশি ফেল্পসই। তবে সৌভাগ্যের বিষয়, অলিম্পিকে তাঁর চারটি ব্যক্তিগত ইভেন্টের দুটিতে তিনি মাইকেল ফেল্পসের সঙ্গে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জলে নামবেন।জেসিকা এনিস (গ্রেট ব্রিটেন)স্বাগতিক হওয়ার কারণে এবার ব্রিটেনের অ্যাথলেটদের ওপর থাকবে নিদারুণ চাপ। ব্রিটেনবাসীর অলিম্পিক সাফল্যের প্রত্যাশা মেটাতে হয়তো ব্রিটিশ অ্যাথলেটদের অনেককেই হিমশিম খেতে হবে। তবে এই প্রত্যাশার মাত্রাটা বোধ হয় জেসিকা এনিসের বেলায় পাহাড়সমান। ২৬ বছর বয়সী হেপ্টাথেলন ও পেন্টাথেলনের সাবেক বিশ্বচ্যাম্পিয়নের এবারের অলিম্পিকে পেন্টাথেলন থেকেই সোনা জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।আলিয়া মুসতাফিনা (রাশিয়া)একসময় মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধে বিভক্ত ছিল পৃথিবী। নব্বইয়ের দশকের পর এই স্নায়ুযুদ্ধ অবলুপ্ত হয়ে গেলেও এবারের অলিম্পিকের জিমন্যাস্টিকস ইভেন্টে সেই স্নায়ুযুদ্ধ আবার ফিরেও আসতে পরে। কারণ, জিমন্যাসটিকসে শ্রেষ্ঠত্বের জন্য জোর লড়াই হবে যুক্তরাষ্ট্রের ১৬ বছর বয়সী গ্যাবি ডগলাস ও জরডিন উইবারের সঙ্গে রাশিয়ার ১৭ বছর বয়সী ভিক্টোরিয়া কমোভা ও আলিয়া মুসতাফিনার। তবে দুই দেশের এই চারজন তারকা জিমন্যাস্টের মধ্যে সবার চোখ থাকবে রাশিয়ার মুসতাফিনার দিকেই। মুসতাফিনা এবারের লন্ডন অলিম্পিকে তাঁর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন অনেক কিছু প্রমাণের প্রত্যাশায়। ২০১০ সালে জিমন্যাস্টিকসের অলরাউন্ড ইভেন্টে বিশ্বচ্যাম্পিয়ন মুসতাফিনা লন্ডনের জিমনেশিয়ামে আসবেন সদ্যই হাঁটুর অপারেশনের পর সুস্থ হয়ে।স্যালি পিয়ারসন (অস্ট্রেলিয়া)অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় প্রত্যাশার নাম এই স্যালি পিয়ারসন। পিয়ারসন অ্যাথলেটিক্সের হার্ডল লড়াইয়ে বেইজিংয়ে পেয়েছিলেন রুপার পদক। চার বছরের পরিশ্রম আর অধ্যবসায় তাঁকে এবার এনে দাঁড় করিয়েছে সোনা জয়ের দ্বারপ্রান্তে। ২০০৯ ও ২০১১ সালের বিশ্ব অ্যাথলেটিকসে নিজের ইভেন্টে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নেওয়া পিয়ারসেন এবার অলিম্পিকে ব্যর্থ হলেই সেটাকে দুর্ঘটনা বলতে হবে। প্রথম অস্ট্রেলীয় হিসেবে আইএএএফের শ্রেষ্ঠ অ্যাথলেটের খেতাব পাওয়া পিয়ারসেন এবার বেশ দারুণভাবেই স্বপ্ন দেখাচ্ছেন অস্ট্রেলীয়দের। লিন ড্যান (চীন)তাঁকে বলা হয় সর্বকালের সেরা ব্যাডমিন্টন তারকা। চীনে তাঁকে ‘সুপার ড্যান’ হিসেবেও অভিহিত করা হয়। লিন ড্যানই ব্যাডমিন্টনের ইতিহাসের একমাত্র তারকা, যিনি এই খেলার সব কটি (নয়টি) বড় প্রতিযোগিতারই শিরোপা জিতেছেন। তিনি এবার র্যাকেটে-কর্কে যে ঝড়ঝাপটা বইয়ে দেবেন, সেটা বলে দেওয়াই যায়। তবে বিতর্ক সার্বক্ষণিকভাবে তাঁর সঙ্গী হয়ে থাকাটাই এই ব্যাডমিন্টন তারকার বাজে দিক। ২০০৮ সালে তিনি র্যাকেট দিয়ে তাঁর কোচকে আঘাত করেছিলেন। তাঁর রাগের কারণ ছিল, দল থেকে বাদ পড়া। সম্প্রতি গোপনে বিয়ে করেও তিনি ঝড় তুলেছেন চীনের গণমাধ্যমে।অস্কার পিসতোরিয়াস (দক্ষিণ আফ্রিকা)তাঁর দুটি পা নেই। তবুও তিনি দক্ষিণ আফ্রিকার অ্যাথলেটিকস দলের স্বপ্নের নায়ক। ইতিহাসের প্রথম প্রতিবন্ধী হিসেবে তিনি অলিম্পিকের মতো ক্রীড়া আসরে অংশগ্রহণ করছেন। ২৫ বছর বয়সী এই অ্যাথলেট দৌড়ে থাকেন দুটি কৃত্রিম পায়ের সাহায্যে। নিজের সীমাবদ্ধতাকে জয় করে তিনিই দাঁড়িয়ে আছেন ইতিহাস সৃষ্টির দ্বারপ্রান্তে। অলিম্পিকে তিনি ৪০০ মিটার দৌড়ে ট্র্যাকে নামবেন। এ ছাড়া তাঁর নাম আছে দক্ষিণ আফ্রিকার ৪০০ মিটার রিলে দলেও।