অলিম্পিকে তাকিয়ে উড়াল-কন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে পোল নিয়ে যখন ছুটে যান, মনে হয় চঞ্চলা হরিণী। টেক অফ স্পটে গিয়ে যখন লাফিয়ে ওঠেন, মনে হয় সোনালি ডানার চিল। ৫ মিটারের উচ্চতা পেরিয়ে নিখুঁতভাবে ভূমিতে নেমে এসে দুই হাতে চুম্বন ছুড়ে দেন যখন, তখনই মনে হয়, এই তো ইয়েলেনা ইসিনবায়েভা!মেয়েদের পোল্ট ভল্টে তাঁর সাফল্যে মোড়ানো সোনালি দিন আর নেই। নেই একক আধিপত্য। ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যর্থ হলেন। ২০১০ বিশ্ব ইনডোরে হলেন চতুর্থ। ২০১১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হয়েছেন ষষ্ঠ! মাঝখানে পোল ভল্ট থেকে নেন দীর্ঘ ছুটি। কোচ ছাঁটাই করে ফিরে গেছেন শৈশবের কোচ ইয়েভজেনি ত্রোফিমোভের কাছে। যে ত্রোফিমোভকে নিজের ‘দ্বিতীয় বাবা’ বলেই জানেন এই রুশ তারকা। ত্রোফিমোভ তাঁর শিষ্যের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছেন। ইস্তাম্বুলে বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপ জেতার টাটকা স্মৃতি নিয়েই অলিম্পিকে যাচ্ছেন ইসিনবায়েভা। ৩০ বছর বয়সীর এটি তৃতীয় অলিম্পিক, সম্ভবত ক্যারিয়ারের শেষ অলিম্পিকও। খেলার এই মহাযজ্ঞে কখনো খালি হাতে ফেরেননি। ২০০৪ এথেন্স অলিম্পিকে সোনা জিতেছেন। সোনা জিতেছেন বেইজিং অলিম্পিকেও। ৫ দশমিক ৫ মিটার উচ্চতা পেরিয়ে গত অলিম্পিকে ভেঙেছিলেন বিশ্ব রেকর্ডও। লন্ডন অলিম্পিকেও দারুণ আত্মবিশ্বাসী ইসিনবায়েভাকেই দেখবে সবাই। নিজেই দিচ্ছেন প্রতিশ্রুতি, ‘আমার নিজের সাফল্য যদি ধরে রাখতে পারি, যদি কোনো চোটে না পড়ি, লন্ডনে আমার প্রতিপক্ষ শুধু আমিই হব, আর কেউ নয়।’ পোল ভল্টের প্রতি নিজের হারানো ভালোবাসা খুঁজে পেয়েছেন বলেই তাঁর এই আত্মবিশ্বাস, ‘এটা বলতে পারি বারের ওপর দিয়ে উড়ে যেতে যে আনন্দ পেতাম, সেটি আবারও ফিরে পেয়েছি। এখন যা করছি, সবই ভালো লাগছে। অনুশীলন আর প্রতিযোগিতায় কাটানো প্রতিটা মিনিট উপভোগ করছি।’হারানো সেই ছন্দ খুঁজে পেতে শুরু করেছেন বলেই ফিরে এসেছে পোল ভল্টের প্রতি তাঁর ভালোবাসা, ‘এই শীতে আমার রেকর্ড ছিল নিখুঁত। যে পাঁচটি টুর্নামেন্টে খেলেছি, সবগুলোতেই জিতেছি। ইনডোরে নতুন বিশ্ব রেকর্ডও গড়েছি। শীত মৌসুমে আমার ফর্ম ছিল খুবই ভালো।’ ঠিক পথে এগোচ্ছেন বলেই ধারণা তাঁর, ‘এখান থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, আমি আর আমার কোচ ঠিক পথটাই বেছে নিয়েছি।’২০০৫ সালের সেই দুর্দান্ত ফর্মই ফিরে পেতে শুরু করেছেন বলে ধারণা তাঁর। ক্যারিয়ারে সব মিলিয়ে রেকর্ড ভেঙেছেন ৩০ বার। ২০০৫ সালের ওই এক বছরেই ইনডোর-আউটডোর মিলে দশ-দশবার রেকর্ড ভেঙেছিলেন। ‘আমি সত্যিই সেটার খুব কাছাকাছি আছি’—বলেছেন তিনি।ত্রোফিমভকে কোচ হিসেবে ফিরে পাওয়াই তাঁর ক্যারিয়ারের মোড় আবার ঘুরিয়ে দিয়েছে। গত বছর পুরোনো কোচের কাছে ফিরে গিয়েছিলেন। এর পর থেকেই আবার শুরু হয়েছে তাঁর উত্থান। ‘ইয়েভজেনিকে বাদ দিয়ে আমি সত্যিই বড় ভুল করেছিলাম। তবে সৌভাগ্যবশত সেই ভুল শুধরে নিয়েছি। সেটা ছিল আমার জীবনের সেরা সিদ্ধান্ত। কারণ তিনি আমার শুধু কোচ নন, আমার বন্ধু, সম্ভবত আমার দ্বিতীয় বাবাও।’ পোল ভল্টের ইতিহাসের অবিসংবাদিত কিংবদন্তি সের্গেই বুবকা রেকর্ড ভেঙেছিলেন ৩৫ বার। বুবকাকে পেরিয়ে যেতে আর ছয়বার রেকর্ড ভাঙলেই হবে। সেই ছয়ের প্রথমটি কি লন্ডনে? কে জানে! এএফপি।