অলিম্পিকে থাকছেন না বেকহাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের লন্ডন অলিম্পিকে খেলার সুযোগ পাবেন, এমনটাই আশা করেছিলেন ডেভিড বেকহাম। ইংল্যান্ডের অলিম্পিক কোচ স্টুয়ার্ট পিয়ার্সের ৩৫ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশই হতে হলো ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ককে। ১৮ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি এই ইংলিশ মিডফিল্ডার। প্রতিক্রিয়ায় হতাশাটা গোপন না করলেও দলের প্রতি সমর্থন দিয়েছেন বেকহাম।অলিম্পিক ফুটবলের নিয়ম অনুসারে প্রতিটি দলে ২৩ বছরের বেশি খেলোয়াড় থাকতে পারবে মাত্র তিনজন। এই কোটাতেই এবারের অলিম্পিক আসরে অংশ নেওয়ার আশা করেছিলেন ৩৫ বছর বয়সী এই মিডফিল্ডার। কিন্তু শেষ পর্যন্ত তাঁর বদলে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার মিকা রিচার্ডসকে দলে জায়গা দিয়েছেন কোচ পিয়ার্স। এ ছাড়া এই কোটার বাকি দুই খেলোয়াড় হলেন—রায়ান গিগস ও ক্রেইগ বালেমি। ১৮ সদস্যের চূড়ান্ত এ দল ঘোষণার পর বেকহাম বলেছেন, ‘আমি স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ। কিন্তু আমার চেয়ে বড় ইংল্যান্ডের সমর্থক কেউ থাকবে না। এই অলিম্পিক দলে জায়গা করে নিতে পারলে আমি খুবই সম্মানিত বোধ করতাম। এখন, অন্য সবার মতো আমিও আশা করছি তারা হয়তো সোনাটা জিততে পারবে।’