অলিম্পিকে নিষিদ্ধ হচ্ছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ আসর অলিম্পিকে নিষিদ্ধ হতে চলেছে পাকিস্তান। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, খেলাধুলায় সরকারি হস্তক্ষেপ থাকায় অলিম্পিক থেকে নিষিদ্ধ হওয়ার একেবারে দ্বারপ্রান্তে পাকিস্তান।আইওসির মুখপাত্র মার্ক অ্যাডামস গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের লজানে সাংবাদিকদের বলেন, ‘নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আমরা খুব শিগগির পাকিস্তানকে অলিম্পিক থেকে নিষিদ্ধ করার ব্যাপারটা বিবেচনা করব।’পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দাবি, অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করে যাচ্ছে সরকার। এ নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। আইওসির মুখপাত্র জানান, ক্রীড়াবিষয়ক প্রশাসনের স্বাধীনতা নিয়ে আলোচনা করতে পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন ও দেশটির সরকারকে চলতি সপ্তাহের শেষের দিকে আইওসির সদর দপ্তরে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। পাকিস্তান ওই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত ডিসেম্বরে ভারতকে নিষিদ্ধ করে আইওসি। দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে সরকার হস্তক্ষেপ করায় ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।