অলিম্পিকে নেই নাদাল!
লন্ডন অলিম্পিকে স্পেনের পতাকাটা থাকার কথা ছিল তাঁর হাতেই। কিন্তু সেটি আর হলো না। রাফায়েল নাদাল অলিম্পিক থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। বেশ কিছুদিন ধরেই হাঁটুর চোট ভালোই ভোগাচ্ছিল এই স্প্যানিশ টেনিস তারকাকে। চোট কাটিয়ে উঠতে পারবেন না বলে শেষ পর্যন্ত অলিম্পিক থেকেই সরে দাঁড়ালেন তিনি। স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ ১১টি গ্র্যান্ড স্লামজয়ী গতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন, ‘এ মুহূর্তে খেলার মতো অবস্থায় নেই আমি। আমার ক্যারিয়ারেরই সবচেয়ে দুঃখজনক দিনগুলোর একটা আজ, কারণ এটা ছিল সবচেয়ে বড় স্বপ্নগুলোরই একটি। আর দলের পতাকাবাহক হওয়াটা তো ছিল আমার সবচেয়ে আরাধ্য মুহূর্ত। আপনি ভাবতেও পারবেন না সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য কতটা কঠিন ছিল।’ ভগ্নহূদয় নাদাল অবশ্য সতীর্থদের শুভকামনাই জানিয়েছেন। নাদাল না থাকায় অলিম্পিকের টেনিস খানিকটা রং হারাল। লন্ডন অলিম্পিকও কি রং হারাল না? এএফপি।