অলিম্পিকে নেই রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে রোনালদিনহোকে দেখা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অলিম্পিককে সামনে রেখে চারটি প্রীতি ম্যাচের জন্য গতকাল শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ মানো মেনেজেস। এ তালিকায় দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনহোর ঠাঁই হয়নি।দেশের হয়ে লন্ডন অলিম্পিকে খেলার স্বপ্নের কথা বিভিন্ন সময় প্রকাশ করেছেন রোনালদিনহো। অলিম্পিকের জন্য ব্রাজিলের ঘোষিত ৫২ সদস্যের প্রাথমিক দলেও তিনি ছিলেন। কিন্তু ফ্ল্যামেঙ্গোর হয়ে পারফরম্যান্সে ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হওয়ায় কপাল পুড়ল ৩২ বছর বয়সী এই ফুটবলারের।স্বাভাবিকভাবেই মেনেজেসের দলে জায়গা করে নিয়েছেন ব্রাজিলীয় ফুটবলের নতুন সেনসেশন নেইমার। দলে জায়গা পাওয়াদের মধ্যে অন্যতম হলেন আলেক্সান্ডার পাতো, পাওলো হেনরিক, ডেভিড লুইস, থিয়াগো সিলভা, দানি আলভেজ ও মার্সেলো।ফ্ল্যামেঙ্গোর হয়ে একের পর এক ব্যর্থ হয়েছেন, তবু রোনালদিনহোকে নিয়মিতই ব্রাজিলের হয়ে খেলার সুযোগ দিয়েছেন মেনেজেস। সুযোগটা অবশ্য কাজে লাগাতে পারেননি তিনি। এ অবস্থায় রোনালদিনহো ছাড়াই এগিয়ে চলার নীতি নিয়েছেন ব্রাজিল কোচ।মেনেজেস বলেন, ‘একজনকে দলে আনলেই ব্রাজিল ফুটবলের সমস্যার সমাধান হবে, এমনটাই মনে করেন অনেক ভক্ত। কিন্তু বিষয়টা বুঝতে হবে তাঁদেরকে। সময় এসেছে নতুনদের নিয়ে কাজ করার।’রোনালদিনহোকে ‘বিশ্বচ্যাম্পিয়ন’ আখ্যায়িত করে মেনেজেস বলেন, ‘ভালো ফল না পেলে আমাকে পরিবর্তন আনতেই হবে। কিন্তু রোনালদিনহোকে অবশ্যই সম্মান দিতে হবে, ও বিশ্বচ্যাম্পিয়ন। রোনালদিনহো এমন একজন খেলোয়াড়, যে সবাইকে চমকে দিতে পারে।’প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে ২৩ বছরের বেশি খেলোয়াড় আছেন ছয়জন। তবে অলিম্পিকে সর্বোচ্চ তিনজন ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড়কে খেলাতে পারে কোনো দল। মেনেজেস ইঙ্গিত দেন, প্রীতি ম্যাচের দল থেকেই অলিম্পিকের চূড়ান্ত দল ঘোষণা করা হতে পারে। তিনি বলেন, ‘অলিম্পিক দল নির্বাচন করতেই এই ২৩ জনকে বেছে নিয়েছি আমরা। পরিবর্তন আসার সম্ভাবনা নেই বললেই চলে।’ব্রাজিলের চার প্রীতি ম্যাচের প্রথমটি মাঠে গড়াবে ২৬ মে, প্রতিপক্ষ ডেনমার্ক। এরপর ৩০ মে যুক্তরাষ্ট্র, ৩ জুন মেক্সিকো ও ৯ জুন আর্জেন্টিনার বিপক্ষে খেলবে মেনেজেসের দল। সূত্র: ওয়েবসাইট।