অলিম্পিকে পুমার ভরসা বোল্ট
ইউরোজোন সংকটে ব্যবসা-বাণিজ্য আশানুরূপ নয়। কিন্তু জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা আশা করছে, আসন্ন অলিম্পিক তাদের ভাগ্য ফেরাবে। সেই সঙ্গে পুমার প্রত্যাশা, জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের পেছনে তাদের যে বিনিয়োগ, তা সুদে-আসলে ফিরিয়ে দেবেন এই কিংবদন্তি অ্যাথলেট নিজেই। তাঁর অসাধারণ ক্রীড়া ক্যারিশমার মধ্য দিয়ে পুমাকে এগিয়ে দেবেন বাজারে তাদের জোর প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস ও নাইকির চেয়ে।এই মুহূর্তে বিশ্বে ক্রীড়াসামগ্রীর বাজারে পুমার অংশীদারিত্ব ৩৫ শতাংশ। অলিম্পিকের মাধ্যমে এই অংশীদারিত্বকে ৪০ শতাংশে নিয়ে যেতে চান প্রতিষ্ঠানটির প্রধান ফ্রাঞ্জ কোচ। এই লক্ষ্যে উসাইন বোল্টের স্পনসরশিপের অঙ্কও প্রায় দ্বিগুণ বাড়িয়েছে তারা। উদ্দেশ্য একটাই, বেইজিং অলিম্পিকে বিশ্ব কাঁপিয়ে দেওয়া বোল্ট এবারও তাঁর পারফরম্যান্স ধরে রেখে পুমাকে লাভবান করবেন বাণিজ্যিক দিক দিয়ে।পুমা বোল্টের পাশাপাশি অলিম্পিকে পুরো জ্যামাইকান অ্যাথলেটিক্স দলকেই পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এ ব্যাপারে পুমা অগ্রাধিকার দিচ্ছে জ্যামাইকান জীবনযাপন ও তাদের বর্ণিল সংস্কৃতিকে। জ্যামাইকার জীবনযাত্রায় উচ্ছল ব্যাপারটি পুমার বাণিজ্যিক থিমের সঙ্গেও খুব মিলে যায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ক্রীড়া বিপণন বিভাগের প্রধান ক্রিস্টিয়ান ফোইকট। এদিকে, পুমার অন্য দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জার্মানির অ্যাডিডাস ও যুক্তরাষ্ট্রের নাইকিও অলিম্পিককে সামনে রেখে বাণিজ্যিক লড়াইয়ের জন্য তৈরিই হয়ে আছে। অ্যাডিডাস অলিম্পিক উপলক্ষে নতুন করে বিনিয়োগ করেছে প্রায় ১০০ মিলিয়ন ইউরো। অলিম্পিক শেষে এই বিনিয়োগের প্রায় দুই গুণ তুলে নেওয়ার লক্ষ্য ক্রীড়াসামগ্রীর জায়ান্ট এই প্রতিষ্ঠানের। অ্যাডিডাস অলিম্পিকে প্রায় ২৬টি ডিসিপ্লিনের সঙ্গে থাকছে। একই সঙ্গে গ্রেট ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স ক্রীড়া দলের যাবতীয় ক্রীড়াসামগ্রী সরবরাহ করছে অ্যাডিডাস। অলিম্পিক গেমসে নানা কিছু মিলিয়ে অ্যাডিডাস প্রায় ৮৫ হাজার পিস ক্রীড়াসামগ্রী বিক্রি করবে বলেও লক্ষ্যমাত্রা ঠিক করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নাইকিও প্রায় একই ধরনের পরিকল্পনা নিয়ে মাঠে। নাইকির মূল শক্তি যুক্তরাষ্ট্রের কন্টিনজেন্টের সঙ্গে যুক্ত থাকা। এই দুই জায়ান্টের তুলনায় পুমা পিছিয়েই আছে বলা যায়। তবে উসাইন বোল্টের মতো একজন তারকার পেছনে বিপুল বিনিয়োগ তাদের লাভবান করবে বলে আশা তাদের। বিশ্লেষকদের মতে, বিনিয়োগের ক্ষেত্র ছড়িয়ে না দিয়ে কেন্দ্রীভূত করে পুমা বেশ খানিকটা ঝুঁকি নিয়ে ফেলেছে। তবে অতীত অভিজ্ঞতা তাদের পুরো ব্যাপারটিতে সাহস জোগাচ্ছে বলেই মত পুমার কর্তাব্যক্তিদের। এখন অপেক্ষা তাদের কেবল বোল্টের সাফল্যের জন্য। ওয়েবসাইট।