অলিম্পিকে ফিরবেন পিস্টোরিয়াস, যদি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্কার পিস্টোরিয়াস
অস্কার পিস্টোরিয়াস

মাথার ওপর ঝুলছে শাস্তির খড়্গ। অভিযোগটা অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের। অস্কার পিস্টোরিয়াসের কী শাস্তি হবে জানা যাবে আগামী ১৩ অক্টোবর। দক্ষিণ আফ্রিকান প্যারালিম্পিক তারকার অ্যাথলেটিকস ক্যারিয়ারটা বোধ হয় শেষই হয়ে গেল। কিন্তু না, পিস্টোরিয়াসের জন্য আশাও আছে। কাল যেমন আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (আইপিসি) একটা সুখবরও শোনাল। ২০১৬ সালের প্যারালিম্পিকের সময় যদি জেলের বাইরে থাকেন, পিস্টোরিয়াস রিও প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন।

পরশু আইপিসির মুখপাত্র ক্রেইগ স্পেন্স এই সম্ভাবনার খবরটি দিয়ে বলেছেন, ‘আমরা তাঁর পথে বাধা হব না।’ ব্লেড রানার নামে পরিচিত পিস্টোরিয়াস তিনটি প্যারালিম্পিকে অংশ নিয়ে ছয়টি সোনা জিতেছেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে সুস্থ-সবল অ্যাথলেটদের সঙ্গে দৌড়ে তো ইতিহাসই গড়েছিলেন বয়স এক বছর হওয়ার আগেই দুই পা কেটে ফেলতে হওয়া দক্ষিণ আফ্রিকান।

বিশ্বের কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস এই পিস্টোরিয়াসই ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ভিন্ন কারণে সংবাদমাধ্যমের নিয়মিত শিরোনাম। বান্ধবী রিভা স্টিনক্যাম্প খুন হয়েছেন পিস্টোরিয়াসের ‘ভুলের’ কারণেই। আইপিসির মিডিয়া ও যোগাযোগ পরিচালক স্পেন্স জানালেন, তাঁদের সহানুভূতি স্টিনক্যাম্প ও তাঁর পরিবারের জন্য তুলে রাখা। কিন্তু তার পরও পিস্টোরিয়াসকে কোনো বাধা দেবেন না তাঁরা, ‘যদি সে সাজা খেটে ফেলে তাহলেই শুধু সে অংশ নিতে পারবে। অবশ্য অস্কারকেই সিদ্ধান্ত নিতে হবে সে অংশ নিতে চায় কি না। এর পর তো দেখতে হবে দক্ষিণ আফ্রিকান ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির তাকে নেয় কি না সেটা।’

পিস্টোরিয়াসের অলিম্পিকে যাওয়া না-যাওয়াটা পুরোপুরিই যদি-কিন্তুর ওপর নির্ভর করছে।

২৭ বছর বয়সী এই অ্যাথলেট সব বাধা পেরিয়ে অলিম্পিকে যেতে পারলে অনেকে খুশি হতে পারেন। তবে এই দলে থাকবেন না বেশির ভাগ দক্ষিণ আফ্রিকানই। ইচ্ছাকৃত খুনের অভিযোগ থেকে পিস্টোরিয়াসের বেঁচে যাওয়াটা মেনে নিতে পারছেন না তাঁরা। অসন্তোষের বুদ্‌বুদটা সেখানে ক্রমেই বাড়ছে। নারী বিচারপতি থেকোজাইল মাসিপা কীভাবে এত দয়ালু হলেন, এটাই সবার প্রশ্ন। রায় মেনে নিতে পারছে না স্টিনক্যাম্প পরিবারও। রিভার মা জুন স্টিনক্যাম্প তো পরশু বলেই ফেললেন, ‘ন্যায়বিচার হয়নি। আমি সত্যটা জানতে চাই। তার (রিভা) মৃত্যুটা “ভয়ংকর, যন্ত্রণাদায়ক ও নৃশংস।” আমি বিশ্বাসই করতে পারছি না তারা এটাকে দুর্ঘটনা বলে বিশ্বাস করেছে।’

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) মহিলা শাখা উইমেন্স লিগও রায়ে অসন্তুষ্ট। ঝড় উঠেছে দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। জোহানেসবার্গভিত্তিক রেডিও স্টেশন পাওয়ার এফএম জানিয়েছে, তাদের কাছে আসা ফোন কল ও মেসেজের ৯৯ ভাগ মন্তব্যই, ‘এটা (রায়) ভুল।’ এএফপি, বিবিসি, গার্ডিয়ান।