অলিম্পিকে বাংলাদেশের প্রথম জিমন্যাস্ট সিজার
এর আগে অলিম্পিকের আসরে শুধু অ্যাথলেটিকস, সুইমিং ও শ্যুটিংয়েই অংশ নিয়েছিল বাংলাদেশ। এবার লন্ডন অলিম্পিকে প্রথমবারের মতো জিমন্যাস্টিকসেও নাম লেখাতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার এই দেশটি। এবারের আসরে অলিম্পিকেও জিমন্যাস্টে বাংলাদেশের পতাকা ওড়াবেন সাইকি সিজার। আর এই সুযোগ পেয়ে পদক জয়ের অঙ্গীকারও ব্যক্ত করেছেন ২১ বছর বয়সী এই জিমন্যাস্ট।বাংলাদেশের পক্ষ থেকে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ পেলেও সিজারের জন্মটা অবশ্য বাংলাদেশে হয়নি। সিজারের বাবা কাজি ও মা রেজিনা বাংলাদেশেরই নাগরিক। ১৯৮০ সালে তাঁরা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই জন্ম হয় সিজারের। এখন তিনি লেখাপড়া করছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ে। গত এপ্রিলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছ থেকে চিঠি পেয়ে অলিম্পিকে অংশ নেওয়ার ব্যাপারটি জানতে পারেন তিনি। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে সিজার বলেছেন, ‘আমার অলিম্পিকে যাওয়ার খবরটা শুনে আমার বন্ধু-বান্ধবেরা খুবই উত্তেজিত ও গর্বিত। সব জিমন্যাস্টের মতোই আমারও স্বপ্ন ছিল অলিম্পিকে অংশ নেওয়ার। আর আমি খুবই খুশি যে সেই স্বপ্নটা বাস্তবে রূপ নিয়েছে।’বাবা কাজির হাত ধরেই জিমন্যাস্টের সঙ্গে পরিচিত হয়েছেন বলে জানিয়েছেন সিজার। তিনি বলেছেন, ‘একদিন বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিমন্যাস্ট ক্লাসের দিকে চোখ পড়ে। বাবা জিজ্ঞাসা করেছিলেন যে আমিও এটা করতে চাই কি না। আমি হ্যাঁ বলেছিলাম। তখন আমার বয়স ছিল ছয় বছর। আর এরপর আমি আর পেছন ফিরে তাকাইনি।’২০১১ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পক্ষে প্রথম অংশ নিয়েছিলেন সিজার। সেবারই তিনি তাঁর সক্ষমতার প্রমাণ রেখেছিলেন বেশ ভালোভাবেই। প্যারালাল বারস প্রতিযোগিতায় জিতেছিলেন বাংলাদেশের পক্ষে প্রথম সোনা। আর এখন অলিম্পিকেও ভালো পারফরমেন্স দেখানোর প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের এই প্রথম জিমন্যাস্ট। তিনি বলেছেন, ‘আমি এই খেলাটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি। এর সবকিছু সম্পর্কেই ভালো ধারণা রাখতে চাই। এবারের অলিম্পিকে আমি ছয়টি প্রতিযোগিতায় অংশ নেব। আমার লক্ষ্য, নিজের পুরো সামর্থ্য দিয়ে ভালো পারফরমেন্স দেখানো।’