অলিম্পিকে বাংলাদেশের ‘রেকর্ড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার জনসংখ্যা মাত্র এক লাখ। জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্র দেশগুলোর একটি। অবস্থান ১৯৫তম। সেই টোঙ্গা পেরেছে। জনসংখ্যার দিক দিয়ে ১৮১ নম্বরে বারবাডোজ। জনসংখ্যা আড়াই লাখের সামান্য বেশি। তারাও পেরেছে। ১৭৮তম অবস্থানে থাকা আইসল্যান্ড কিংবা ১৭৭ নম্বরে থাকা বাহামাও পেরেছে। অথচ ১৫ কোটিরও বেশি মানুষের দেশ বাংলাদেশের এখনো শূন্য হাত। টোঙ্গা-বারবাডোজ-বাহামা একটি হলেও অলিম্পিক পদক জিতেছে। কিন্তু অলিম্পিক পদক দূরের কথা, জনসংখ্যায় বিশ্বের অষ্টম বৃহত্তম বাংলাদেশ দুঃসাহস করেও পদকের স্বপ্ন দেখতে পারে না।আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সদস্য ২০৪টি। ৮০টি দেশ কখনো পদক জেতেনি। এর প্রায় সিংহভাগ দেশই আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে পড়ে। মিয়ানমার বা নেপালের মতো কিছু জনবহুল দেশ অবশ্য আছে। তবে বাংলাদেশের যে রেকর্ড আছে, সেটি আর কারও নেই। বাংলাদেশ অলিম্পিকে পদক না জেতা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। এত এত মানুষের মধ্যে থেকেও বাংলাদেশ পদক জেতার মতো অ্যাথলেট খুঁজে বের করতে পারেনি।বাংলাদেশের ব্যর্থতার ছবিটা আসলে আরও বড়। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে অংশ নিচ্ছে দেশটি। কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাথলেট অলিম্পিকে কোয়ালিফাই-ই করতে পারেননি পারফরম্যান্স দিয়ে। অলিম্পিকে অংশ নেওয়া বাংলাদেশের সব অ্যাথলেটই পেয়েছেন আইওসির ‘ওয়াইল্ড কার্ড’। খেলাধুলায় পিছিয়ে থাকা দেশগুলো অলিম্পিকে অংশ নেওয়ার জন্য আইওসির এই দাক্ষিণ্য পায়। এবারও এর ব্যতিক্রম নয়। এবার বাংলাদেশের পাঁচজন অলিম্পিকে অংশ নিচ্ছেন। শ্যুটার শারমিন আক্তার রত্না, আর্চার ইমদাদুল হক, সাঁতারু মাহফিজার রহমান, জিমন্যাস্ট সাইক সিজার ও সিপ্রন্টার মোহন খান। প্রত্যেকে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ওয়াইল্ড কার্ডের সৌজন্যে। এঁদের মধ্যে সাইক সিজারের গল্পটা আবার চমকপ্রদ। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত এই জিমন্যাস্ট বাংলাদেশের হয়ে অলিম্পিকে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বাংলাদেশ তাতে সায়ও দেয়। কিন্তু ওয়াইল্ড কার্ড পাওয়ার বেলায় সিজারের চেয়ে এগিয়ে ছিলেন ভারতের এক জিমন্যাস্ট আশিস কুমার। কিন্তু আশিসের কাগজপত্র ঠিকমতো পাঠাতে পারেনি ভারতের জিমন্যাস্টিকস ফেডারেশন। হুট করে তাই সুযোগ মিলে যায় সিজারের।২১ বছর বয়সী সিজারের আশা, অলিম্পিকে এমন কিছু করবেন, তাঁর কারণেই ক্রিকেট-উন্মাদ বাংলাদেশের কিশোর-তরুণেরা জিমন্যাস্টিকসে আগ্রহী হয়ে উঠবেন, ‘জিমন্যাস্টিকস আসলে সারা বিশ্বেও খুব বেশি জনপ্রিয় নয়। কিন্তু আশা করি, বাংলাদেশে খেলাটিকে জনপ্রিয় করতে পারব আমি।’ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সিজার বলেছেন, ‘বাংলাদেশের মানুষ খেলাধুলা খুবই ভালোবাসে। আমার বাবা জাতীয় ফুটবল দলে খেলতেন একসময়, ফুটবলই ছিল দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা। এখন আর সেটা নেই। এখন সবাই ক্রিকেট ভালোবাসে।’ক্রিকেটের সৌজন্যেই খেলাধুলার প্রতি মানুষের ভালোবাসা প্রমাণিত-প্রকাশিত। বাংলাদেশ থেকে আরও বেশি খেলোয়াড় উঠে আসবে, আরও বেশি অ্যাথলেট অলিম্পিকে অংশ নেবে এই আশা সিজারের। ওয়েবসাইট।