অলিম্পিকে ব্যাডমিন্টন-কলঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিচালাকের গলায় দড়ি একসময় পড়েই! চালাকির খেসারত দিয়ে অলিম্পিক থেকে ছিটকে পড়তে হলো মেয়েদের ব্যাডমিন্টন দ্বৈতে সোনাপ্রত্যাশী চীনা জুটিকে। কোয়ার্টার ফাইনালে পছন্দের প্রতিপক্ষ পেতে পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচ ইচ্ছে করেই হেরেছিলেন ইউ ইয়াং ও ওয়াং জিয়াওলি জুটি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের (বিডব্লুএফ) শুনানির পর কাল অযোগ্য ঘোষণা করা হয়েছে এই বিশ্ব চ্যাম্পিয়ন জুটিকে। একই অভিযোগে ডিসকোয়ালিফাইড হয়েছে আরও তিন জুটি। আলোকিত অলিম্পিক উৎসবে একটু কালি ছিটিয়ে দিল ব্যাডমিন্টনের এই ঘটনা। বিস্তারিত জানতে যেতে হবে এক দিন পেছনে। ইউ ও ওয়াং জুটি মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়ার অবাছাই জুটি জুং কাইয়ুং ও কিম হা নার। প্রত্যাশামতো একতরফাই ছিল ম্যাচ। কিন্তু ম্যাচের ফল তার পরও চমকে দিল সবাইকে। অবাছাই জুটিই জিতে গেল ২১-১৪, ২১-১১ গেমে! তবে আসল মজাটা হলো এরপর। বিশ্ব চ্যাম্পিয়নরা হেরেও খুশি, আর জিতেও খুশি নন অবাছাইরা! ম্যাচ যারা দেখেছে, তাদের অবশ্য বুঝতে সমস্যা হয়নি। দুই পক্ষই প্রাণপণ চেষ্টা করছিল হেরে যাওয়ার! খেলা শুরু হতেই সবাই সবিস্ময়ে দেখল, চলছে ইচ্ছে করে শাটলকক নেটে মারা, বাইরে মারা আর সময় নষ্ট করার প্রতিযোগিতা। সমানে দুয়ো দিয়ে গেছে ওয়েম্বলি অ্যারেনার দর্শক, ‘গেট অফ’ বলে চিৎকার করেছে অনেকে, মাঠ ছেড়ে যাওয়ার প্রতীক হিসেবে অনেকে দেখিয়েছে কালো কার্ড। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইউ ও ওয়াং জুটি শেষ পর্যন্ত ম্যাচ হেরে শেষ আটের লড়াইয়ে এড়িয়েছে স্বদেশি জুটিকে! স্বেচ্ছায় হারার এই প্রতিযোগিতা পরে দেখা গেছে আরেকটি ম্যাচেও। নিতান্ত অনিচ্ছায় ইন্দোনেশিয়ার জুটিকে হারান দক্ষিণ কোরিয়ার জুটি। দর্শকের দুয়োর মাঝে কোরিয়ান জুটি হান জুং-ইউন ও কিম মিন-জুংয়ের কাছে সন্তুষ্টচিত্তে হেরে গেলেন ইন্দোনেশিয়ার মিলিয়ান জওহরি ও গ্রেসিয়া পলি জুটি। প্রবল সমালোচনার মুখে ইউ পরে সাফাই গেয়েছেন নিজেদের পক্ষে, ‘আমরা আগেই শেষ আটে উঠে গেছি, অযথা কেন শক্তি নষ্ট করব? পরের দিনই যখন নকআউট পর্বের লড়াই, তখন নিয়ম রক্ষার ম্যাচে নিজেদের উজাড় করে দেওয়ার মানে হয় না।’ আর কোরিয়ান কোচ সুং হান-কুক দায় চাপালেন চীনা জুটির ওপর, ‘ চীনারাই প্রথমে এটা শুরু করেছে। ড্র-টা এমনভাবে করা হয়েছে যে ওরা পরের রাউন্ডে স্বদেশিদের মুখোমুখি হতে চায়নি। ওদের দেখে আমরাও একই কাজ করেছি। আমারও কোয়ার্টারে আরেক কোরিয়ান জুটির সঙ্গে খেলতে চাইনি।’ তবে এসব যুক্তি-তর্ক পালে হাওয়া পায়নি বিডব্লুএফের শুনানিতে। সবাইকে তাই দিতে হয়েছে চরম মূল্য। দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া আপিল করেছে কাল রাতেই। তবে লাভ খুব বেশি হবে বলে মনে হয় না। চীনারা আবার তদন্তের মুখোমুখি হচ্ছে নিজ দেশেও। ‘আমরা খেলার নৈতিকতা ও চেতনা পরিপন্থী যেকোনো কাজের বিরোধী’ জানিয়ে তদন্ত শুরু করেছে চীনের অলিম্পিক কমিটিও। এএফপি, রয়টার্স।