অলিম্পিকে যাওয়ার আগে
প্রশ্নটা উঠতই। লন্ডন অলিম্পিকে বাংলাদেশের প্রত্যাশা কী? কিন্তু প্রশ্নটা শোনার আগেই উত্তর দিয়ে দিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ, ‘বড় কিছু প্রত্যাশা করার সুযোগ আমাদের নেই। কারণ আমরা ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নিচ্ছি।’ তবুও আশায় বুক বাঁধছেন কুতুবউদ্দিন, ‘ওয়াইল্ড কার্ড নিয়ে অনেকেরই অলিম্পিকে পদক পাওয়ার নজির আছে।’সেই ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশ। বাস্তবতা হলো অলিম্পিকে পদক জয় এখনো বাংলাদেশের অ্যাথলেটদের জন্য দূরতর স্বপ্ন হয়ে আছে। এবারের অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলেট মোহন খান, সাঁতারু মাহফিজার রহমান (সাগর) ও তিরন্দাজ ইমদাদুল হকও (মিলন) বাস্তবের জমিনেই পা রাখলেন। বাংলাদেশ অলিম্পিক দলের বাকি দুই সদস্য শ্যুটার শারমিন আক্তার (রত্না) লন্ডনে, জিমন্যাস্ট সাইক সিজার রয়েছেন যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) কর্মকর্তারা লন্ডনে যাওয়ার আগে কাল ভবনটির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে দেশে থাকা তিনজনের প্রত্যাশা ও স্বপ্নের পরিধিটা তুলে ধরলেন। আগামী পরশু ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। যাওয়ার আগে নিজের সেরা পারফরম্যান্সটা ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা শোনালেন অ্যাথলেট মোহন খান। একেবারে শেষ মুহূর্তে ওয়াইল্ড কার্ড পেলেও এসএ গেমসের ক্যাম্পে অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন সেনাবাহিনীর সিপ্রন্টার। একইভাবে এসএ গেমসের ক্যাম্পে অনুশীলনে ব্যস্ত ছিলেন সাঁতারু মাহফিজার। সাফল্যপ্রত্যাশায় বিওএর চোখে এগিয়ে শ্যুটিং ও আর্চারি। এসব কারণেই কি না সাগরের মনে জন্ম নিয়েছে জেদ। জানালেন, ‘অলিম্পিকে নিজেকে প্রমাণ করব।’ অলিম্পিকে ৫০ মিটার ফ্রি-স্টাইলে সাঁতরাবেন মাহফিজার। ব্যাংককে এক মাসের অনুশীলন শেষে গত সপ্তাহে দেশে ফিরেছেন তিরন্দাজ ইমদাদুল। ব্যাংককের প্রস্তুতিটা লন্ডন অলিম্পিকের জন্য ভালোই কাজে লাগবে বলে জানালেন বাংলাদেশ আনসারের তরুণ, ‘অবশ্যই ব্যাংককে গিয়ে আমার অনেক উপকার হয়েছে। সেখানে বাতাসের মধ্যে অনুশীলন করতে হয়েছে। আর আমাদের খেলা হবে লর্ডস ক্রিকেট মাঠে। সেখানেও বাতাসের সঙ্গে লড়তে হবে। আশা করি, এটা আমার কাজে লাগবে।’ তবে এই লন্ডন অলিম্পিক ইমদাদুলের চোখে আসলে অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্র, ‘অলিম্পিকে যাচ্ছি অভিজ্ঞতা অর্জনের জন্য। তবে আমার আসল লক্ষ্য ২০১৬ সালের অলিম্পিক।’ শ্যুটার শারমিন আক্তার (রত্না) গত এপ্রিলে লন্ডনে গেছেন প্রস্তুতি নিতে। আর জিমন্যাস্ট সাইক সিজার অনুশীলনটা সারছেন যুক্তরাষ্ট্রে। কাল সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার নিক লো।অলিম্পিকে বাংলাদেশশারমিন আক্তার (রত্না) শ্যুটিং সাইক সিজার জিমন্যাস্টিকস মাহফিজার রহমান সাঁতার ইমদাদুল হক আর্চারিমোহন খান অ্যাথলেটিকস