অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতলেন কানাডার আন্দ্রে ডি গ্রাস
টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে অন্যতম সেরা ইভেন্ট হয়ে গেল আজ।
ছেলেদের এই ২০০ মিটার দৌড়ের ইভেন্টে সোনা জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাস। শেষ ল্যাপে এসে হাড্ডাহাড্ডি লড়াই করে সোনা জিতে নেন এ দৌড়বিদ।
১৯.৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন ডি গ্রাস। কানাডার জাতীয় রেকর্ড গড়ে সোনার মুখ দেখলেন তিনি। শেষ ৪০ মিটারে তাঁর পেছনে পড়েন বাকি সব প্রতিদ্বন্দ্বী। ২০১৬ রিও অলিম্পিকে ১০০ মিটারে ব্রোঞ্জ ও ২০০ মিটারে রুপা জেতেন ডি গ্রাস।
২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রুপা জিতেছিলেন তিনি। আজ ২০০ মিটার দৌড়ে অলিম্পিকে প্রথম সোনার মুখ দেখলেন ডি গ্রাস। তাঁর সৌজন্যে কানাডাও ১৯২৮ অলিম্পিকের পর ছেলেদের ২০০ মিটারে এই প্রথম সোনার মুখ দেখল।
যুক্তরাস্ট্রের কেনি বেদনারেক ১৯.৬৮ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। একই দেশের কেনি লাইলস ১৯.৭৪ সেকেন্ডে দৌড় শেষ করে জিতেছেন ব্রোঞ্জ।
শেষ ৪০ মিটারে বেদনারেক ও লাইলসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় ডি গ্রাসের। দৌড় শেষ তিনি লাইলসকে বলেন, ‘তুমি আমার পরীক্ষা নিয়েছ। তাতে প্রেরণাটা পেয়েছি।’
১৯২৮ আর্মস্টাডাম অলিম্পিকে ছেলেদের ২০০ মিটারে সোনা জিতেছিলেন কানাডার পার্সি উইলিয়ামস। এই ইভেন্টে এ নিয়ে তৃতীয়বারের মতো কানাডার কোনো স্প্রিন্টার সোনা জিতলেন।
রিও এবং টোকিও অলিম্পিকে এর আগে ডি গ্রাস যতগুলো ইভেন্টে অংশ নিয়েছেন, সবগুলোতেই পদক জিতেছেন। ছিল না শুধু সোনার পদক—আজ সেটাও হয়ে গেল! অলিম্পিকে এ নিয়ে ৫টি পদক জিতলেন ডি গ্রাস।