অলিম্পিকের উদ্বোধনী চমকে বিশ্ব মাত
লন্ডন। স্থানীয় সময় শুক্রবার রাত আটটা বারো মিনিট। বিশ্বের সবচেয়ে বড় ঘন্টাটি বেজে উঠল। বাজালেন খ্যাতিমান সাইক্লিস্ট ব্র্যাডলি উইগিন্স। এই ঘণ্টাধ্বনির মাধ্যমে শুরু হলো ৩০তম অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। মাঠে উপস্থিত ৮০ হাজার দর্শক ও বিশ্বজুড়ে কোটি টিভি দর্শক সাড়ে চার ঘণ্টা মোহাবিষ্ট হয়ে দেখল পলকে পলকে চমক দেওয়া এই অনুষ্ঠান। টিভির পর্দায় অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে অধীর অপেক্ষায় ছিল বিশ্বের অগণিত মানুষ। এ অনুষ্ঠান নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা হলেও তা কেমন হবে, এ নিয়ে সবার ধারণা ছিল ধোঁয়াশা। কারণ এ নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে সামান্যই। কৌতূহলী অজস্র মানুষের এই অপেক্ষায় থাকা সার্থক হয়েছে। অস্কারজয়ী ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক ড্যানি বয়েল কাল বাজিমাতই করলেন। কী ছিলনা এতে ! জেমস বন্ডখ্যাত ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে ব্রিটেনের রানী এলিজাবেথের এক কাল্পনিক কাহিনিচিত্র, ‘মিস্টার বিন’ রোয়ান অ্যাটকিনসনের দম ফাটানো হাসির কৌতুক, জেকে রাওলিংয়ের সৃষ্টি হ্যারি পটার আর তাঁর শত্রু লর্ড ভলডারমটের লড়াই থেকে শুরু করে ব্রিটেনের হাজার বছরের ঐতিহ্য। ছিল উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘দ্য টেমপেস্ট’-এর ছোট্ট একটি অংশ। জেরুজালেম, ড্যানি বয়, ফ্লাওয়ার অব স্কটল্যান্ড ও ব্রেড অব হেভেন-এই মন উতাল করা চারটি গানের মধ্য দিয়ে তুলে ধরা হয় গ্রেট ব্রিটেনের চার দেশ ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের গ্রামীণ ঐতিহ্যকে।সবচেয়ে মুগ্ধতা ছড়িয়েছে ড্যানি বয়েলের পরিচালনায় যুক্তরাজ্যের হাজার বছরের ঐতিহ্যের পটভূমিতে নির্মিত ‘বিস্ময়ের দ্বীপ’ নাটিকা। এতে তুলে ধরা হয় দেশটির গ্রামীণ পটভূমি। এতে ব্যবহূত হয় খামারের সত্যিকারের গবাদি পশু। চিত্রিত হয় একটি গ্রামীণ ক্রিকেট ম্যাচও। দেখানো হয় প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ব্রিটেনের শিল্প-বিপ্লবের বিভিন্ন পর্যায়। জেমস বন্ডের কাহিনি চিত্রটিও কম ছিল না। এতে দেখানো হয় জেমস বন্ড বাকিংহাম প্রাসাদ থেকে রানী এলিজাবেথকে নিয়ে হেলিকপ্টারে চড়ে অলিম্পিক স্টেডিয়ামে প্রবেশ করছেন। দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই কাহিনিচিত্রে রানী এলিজাবেথ জেমস বন্ডকে পেছনে ফেলে আগেই প্যারাসুটে করে স্টেডিয়ামে লাফিয়ে পড়েন। ব্রিটেনের রানীকে নিয়ে এ ধরনের আনন্দদায়ক কাহিনি চিত্রের প্রদর্শন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে দেয় অন্যমাত্রা। হালকা বিষয়ের পাশাপাশি এতে ব্রিটেনের সফল ব্যক্তিদেরও সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক স্যার টিমোথি বার্নার্স লিওর উপস্থিতি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ছড়ায় শ্রদ্ধার পরশ। গ্রামীণ সংস্কৃতির পাশাপাশি ব্রিটেনের শহুরে জীবনের উচ্ছলতা ও তারুণ্যের জয়গানও মুগ্ধ করে সকলকে।বাংলাদেশি বংশোদ্ভুত কোরিওগ্রাফার আকরাম খানের নেতৃত্বাধীন একটি দল তুলে ধরে মানুষের জীবন-সংগ্রামকে। এরপরেই শুরু হয় অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটদের বর্ণাঢ্য মার্চপাস্ট। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন অ্যাথলেট মাহফুজুর রহমান। ঐতিহ্য অনুযায়ী সবার আগে মার্চপাস্টের জন্য স্টেডিয়ামে প্রবেশ করে গ্রিস। এরপরে বর্ণানুক্রমে আসে অন্য দেশগুলো। দেখানো হয় ১৮৯৬ সালে প্রথম অলিম্পিকের মশাল প্রজ্জলনের দৃশ্য। প্রথা ভেঙে এবারের অলিম্পিক মশাল প্রজ্জলন করে ব্রিটেনের সাতজন তরুণ ক্রীড়াবিদ। প্রায় ১৫ বিলিয়ন পাউন্ডের এই উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন সারা বিশ্বের প্রায় ১০০ কোটি দর্শক। মাঠে বসে এই উপভোগ্য অনুষ্ঠানের সাক্ষী ছিলেন ৮০ হাজার দর্শক। এটি লন্ডনের তৃতীয় অলিম্পিক আয়োজন। এর আগে, ১৯০৮ ও ১৯৪৮ সালে ব্রিটেনের রাজধানী লন্ডনে বসেছিল অলিম্পিকের দুটি আসর। রয়টার্স, বিবিসি।